নাকা চেকিংয়ের মুখে বেপরোয়া বাইক, পালাতে গিয়ে দুর্ঘটনা

নাকা চেকিংয়ের মুখেও বেপরোয়া বাইক। পুলিশকর্মীদের এড়িয়ে পালাতে গিয়ে রাজপথে উল্টে গেল বাইক। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারল ট্যাক্সিও। দুই বাইক আরোহীকে কয়েক ফুট টেনে হিঁচড়ে নিয়ে গেল ট্যাক্সি। পুলিশ ঘটনাস্থলে থাকায় কোনওভাবে প্রাণে বাঁচেন বাইকে থাকা দুজন। গতকাল রাতে মৌলালি মোড়ে কলকাতা পুলিশের তল্লাশির সময় এঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, একটি পণ্যবাহী ট্রাক ধাক্কা মারে ট্যাক্সিতে। তারপরই ট্যাক্সিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকের উপর উঠে যায়। বাইকে থাকা কারও মাথায় হেলমেট ছিল না। বাইক, ট্যাক্সি ও ট্রাকচালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে পুলিশ। গত সোমবার রাতে কড়েয়া থানার এলাকায় বেপরোয়া বাইক ধরতে গিয়ে আক্রান্ত হন ইস্ট ট্রাফিক গার্ডের এক কনস্টেবল।
তাঁকে প্রায় একশো মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায় একটি মোটরবাইক। সেই ঘটনা সামনে আসার পরেও যে, শহরে যান দৌরাত্ম্যের ছবি বিন্দুমাত্র পাল্টায়নি, মৌলালির ছবিই তার প্রমাণ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola