প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় চাকদায় দ্বাদশ শ্রেণির ছাত্রীকে ‘কুপিয়ে খুন’ প্রতিবেশী যুবকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Aug 2018 06:08 PM (IST)

দ্বাদশ শ্রেণির ছাত্রীর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য নদিয়ার চাকদার কামালপুরে। প্রতিবেশী যুবকের প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নাবালিকাকে কুপিয়ে খুনের অভিযোগ পরিবারের। আটক অভিযুক্ত। শুক্রবার বিকেলে টিউশন পড়তে যাওয়ার জন্য মদনপুরের আলাইপুরের বাড়ি থেকে বের হয় ওই ছাত্রী। রাতে আর বাড়ি ফেরেনি ১৭ বছরের ওই কিশোরী। গতকাল দুপুরে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে কামালপুরে জঙ্গলঘেরা পুকুরের মধ্যে থেকে তার দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, এলাকারই এক যুবক ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। প্রত্যাখ্যান করায়, ওই যুবক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে খুন করে বলে অভিযোগ। চাকদা থানায় খুনের অভিযোগ দায়ের। আটক অভিযুক্ত।