নদিয়ায় ভাগীরথী নদীতে ভাঙন, গত দুদিনে ৩টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Aug 2018 03:57 PM (IST)

নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর ও টেংরিডাঙা গ্রামে ভাগীরথী নদীতে ভাঙন। গত দু’দিনে ৩টি বাড়ি নদীগর্ভে তলিয়ে গিয়েছে। ভাগীরথীর গ্রাসে ৭ বিঘা চাষের জমি। গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের ২০টি পরিবার ভাঙনের কবলে।ভাগীরথী সংলগ্ন গ্রামগুলিতে দেখা দিয়েছে আতঙ্ক। ভাঙন রুখতে নদীর পাড় স্থায়ীভাবে বাঁধিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। শান্তিপুরের বিডিও জানিয়েছেন, যে তিনটি বাড়ি তলিয়ে গিয়েছে, সেই পরিবারগুলিকে প্রশাসনের তরফে গৃহস্থালির প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়েছে। পাশাপাশি, বিডিও-র আশ্বাস, নদীর পাড় বাঁধানোর কাজও দ্রুত শুরু হবে।