নিমতায় দেবাঞ্জন দাস খুনে নতুন তথ্য, সাড়ে তিন মাস রিহ্যাবে কাটিয়ে ফিরে এসেই খুনের ছক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Oct 2019 12:36 PM (IST)

নিমতায় দেবাঞ্জন দাস খুনে নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, প্রায় সাড়ে তিন মাস রিহ্যাবে কাটানোর পর, ফিরে এসেই খুনের ছক কষে প্রিন্স। খুনের প্রায় দেড় মাস আগে করা হয় এই পরিকল্পনা। এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করে আগ্নেয়াস্ত্র। দেবাঞ্জনের সঙ্গে প্রাক্তন প্রেমিকার ঘনিষ্ঠতা একেবারই মানতে পারেনি বলে জেরায় দাবি করেছে প্রিন্স। সেই কারণেই খুনের ছক। পুলিশ সূত্রে খবর, খুনের আগে দেবাঞ্জন ও তার বান্ধবীর গতিবিধি সম্পর্কে প্রিন্সকে খবর দেয় বিশাল মারু। পুলিশের জেরায় প্রিন্স জানিয়েছে, ওইদিন গাড়ি থেকে দেবাঞ্জনের দিকে তাকিয়ে হাত নাড়ে তার বান্ধবী। তা দেখে আরও রেগে যায় প্রিন্স। বিশালের স্কুটার নিয়ে তাড়া করে দেবাঞ্জনের গাড়িটিকে। বান্ধবীর প্রাক্তন প্রেমিককে ধাওয়া করতে দেখে, গাড়ির গতি বাড়িয়ে চাপার চেষ্টা করে দেবাঞ্জনও। বিরাটির স্কুল রোডের কাছে স্কুটার নিয়ে দেবাঞ্জনের গাড়ি আটকায় প্রিন্স। সেখানেই দেবাঞ্জনকে গুলি করা হয়।