তৃণমূল নেত্রী আলোরানি সরকারের বাড়ির সামনে বিজেপির বাইক বাহিনীর ‘দাপট-হুমকি’, মোকাবিলায় মোতায়েন পুলিশ ও র্যাফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Jun 2019 07:54 PM (IST)

উত্তর ২৪ পরগনায় তৃণমূল নেত্রীর বাড়ির সামনে বিজেপির বাইক বাহিনীর দাপট।অনুগামীদের হুমকি দেওয়ার অভিযোগ। পরিস্থিতি মোকাবিলায় তৃণমূল নেত্রীর বাড়ির সামনে কড়া নিরাপত্তা। মোতায়েন পুলিশ ও র্যাফ। গতকাল তৃণমূল মহিলা কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলার সাধারণ সম্পাদক আলোরানি সরকারের বাড়িতে দলের সাংগঠনিক বৈঠক হয়। তৃণমূলের এই নেত্রীর অভিযোগ, বৈঠকের পরেই তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। বাড়ির সামনে দাপিয়ে বেড়াচ্ছে বিজেপির বাইক বাহিনী। তাঁর অনুগামীদেরও হুমকির মুখে পড়তে হচ্ছে বলে তৃণমূল নেত্রীর দাবি। এরপরই তাঁর বাড়ির সামনে পুলিশ ও র্যাফ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, গতকাল তৃণমূলের ওই বৈঠককে কেন্দ্র করে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। বৈঠকে যোগ দিতে আসা মন্ত্রীদের লক্ষ্য করে জয় শ্রী রাম স্লোগান দেন বিজেপি কর্মীরা। লাঠিচার্জ করে পুলিশ। মন্ত্রীদের কনভয় আটকানো, অশান্তি ও জয় শ্রী রাম স্লোগান দেওয়ার অভিযোগে বীজপুর থানার পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে।