মোহনপুরে 'দিদিকে বলো' কর্মসূচি থেকে ফেরার পথে তৃণমূল উপ প্রধানকে ঘিরে বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Aug 2019 09:57 AM (IST)

'দিদিকে বলো' কর্মসূচি থেকে ফেরার পথে তৃণমূল উপ প্রধানকে ঘিরে বিক্ষোভ। সেই ছবি ভাইরাল হওয়ায় শুরু তৃণমূল-বিজেপি চাপানউতোর। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর ১ নং ব্লকের মোহনপুরের ঘটনা। বুধবার 'দিদিকে বলো' কর্মসূচি সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান নির্মল কর। রাস্তায় তাঁর বাইক আটকে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। বিক্ষোভের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তৃণমূলের দাবি, 'দিদিকে বলো' কর্মসূচি সাফল্য পাচ্ছে। সেই কারণেই ঈর্ষান্বিত হয়ে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। বিজেপির পাল্টা অভিযোগ, 'দিদিকে বলো'-র নাম করে এলাকায় অশান্তি পাকানোর চেষ্টা করছেন তৃণমূল উপ প্রধান। এলাকায় দুষ্কৃতীদের নিয়ে বৈঠকও করেছেন তিনি। সেই কারণেই বিক্ষোভ দেখিয়েছে এলাকাবাসী। দাবি বিজেপির