পাণ্ডবেশ্বরে বালকের রহস্যমৃত্যু, শ্মশানের পথে দেহ উদ্ধার পুলিশের, গ্রেফতার বাবা

পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে ১০ বছরের বালকের রহস্যমৃত্যু। শ্মশানে নিয়ে যাওয়ার সময় দেহ উদ্ধার পুলিশের। মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার বাবা। ধৃত প্রকাশ পাল বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল সদস্য। ঘটনায় খুনের মামলা রুজু পুলিশের। স্থানীয় সূত্রে খবর, ১২ বছর আগে বারাবনীর পূর্ণিমা দাসের সঙ্গে পাণ্ডবেশ্বরের বাসিন্দা প্রকাশের বিয়ে হয়। গতকাল মৃত্যু হয় দম্পতির ১০ বছরের ছেলে সূর্যর। মৃত বালকের মায়ের দাবি, সেসময় তিনি বাড়িতে ছিলেন না। প্রতিবেশীদের কাছ থেকে ফোনে ছেলের মৃত্যুসংবাদ পান। স্বামী মত্ত অবস্থায় মারধর করায়, ছেলের মৃত্যু হয়েছে বলে মায়ের অভিযোগ। পাণ্ডবেশ্বর থানায় অভিযোগ দায়ের হয়। শ্মশানে নিয়ে যাওয়ার সময়, বালকের দেহ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় মৃত বালকের বাবাকে। যদিও ধৃতের পরিবারের দাবি, বালক অসুস্থ ছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola