ট্যাঙ্কার থেকে তেল উধাও, নিরাপত্তারক্ষী ‘নিখোঁজ’, গ্রেফতার চালক
কারখানায় ব্যবহার করার তেল খোলা বাজারে বিক্রি করে দেওয়ার অভিযোগ। গ্রেফতার ট্যাঙ্কার চালক। ট্যাঙ্কারের দায়িত্বে থাকা নিরাপত্তা কর্মীকে খুন অথবা গুম করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ-জামুড়িয়া শিল্প তালুকে পাঠানো হয় কারখানার কাজে ব্যবহার করার ব্ল্যাক অয়েল। অভিযোগ, গন্তব্যে পৌঁছনোর আগে হুগলির ডানকুনির কাছে ৬ নম্বর জাতীয় সড়কে নিরাপত্তা কর্মীকে মারধর করে নামিয়ে দেয় ট্যাঙ্কার চালক ও খালাসি। এরপর তিন দুষ্কৃতীর সহায়তায় ট্যাঙ্কার থেকে বেশ কয়েক লিটার তেল বার করে বিক্রি করে দেয় বলে অভিযোগ। ট্যাঙ্কার নির্দিষ্ট গন্তব্যে না পৌঁছনোয়, হলদিয়ার ওই সংস্থার কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। কাঁকসার বাঁশকোপা শিল্প তালুকের কাছে ২ নম্বর জাতীয় সড়ক থেকে উদ্ধার হয় ট্যাঙ্কারটি। গতকাল কাঁকসা থেকেই গ্রেফতার হয় চালক উদয় ঝা। ধৃতের দাবি, নিরাপত্তা কর্মী পবন কুমারকে শাবল দিয়ে মারা হয়। ওই নিরাপত্তা কর্মী ও ট্যাঙ্কারের খালাসির খোঁজ চলছে।
Tags :
West Bardhaman