Reporter Stories: আসানসোলে চোর সন্দেহে গণপিটুনি যুবককে, উদ্ধারে গেলে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ২
আসানসোলের হীরাপুর থানার ভালাডিহা গ্রামে চোর সন্দেহে গণপিটুনি। উদ্ধার করতে গিয়ে আক্রান্ত পুলিশ। পুলিশের গাড়ি ভাঙচুর। ইটের ঘায়ে ও মারধরের জেরে আহত ৩ সিভিক ভলান্টিয়ার। গ্রেফতার ২। স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধেয় এক অপরিচিত যুবকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন স্থানীয়রা। যুবক অসংলগ্ন কথা বলায় চোর সন্দেহে শুরু হয় গণপিটুনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হীরাপুর থানার পুলিশ। এরপরই পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। ইটের ঘায়ে মাথা ফাটে এক সিভিক ভলান্টিয়ারের। দুই সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয় বলে অভিযোগ। পুলিশের গাড়িও ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে গণপিটুনিতে আহত যুবককে গ্রেফতার করে পুলিশ।পুলিশের উপর হামলার ঘটনাতেও গ্রেফতার হয় এক অভিযুক্ত। পুলিশ সূত্রে খবর, চোর সন্দেহে ধৃত যুবক পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা।
Tags :
West Bardhaman