আসানসোলে ৩ দিন ধরে নিখোঁজ থাকার পর, হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার দশম শ্রেণির ছাত্রীর দেহ
তিনদিন ধরে নিখোঁজ থাকার পর, হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার দশম শ্রেণির ছাত্রীর দেহ। খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান। পশ্চিম বর্ধমানের আসানসোল দক্ষিণ থানা এলাকার ঘটনা। পরিবার সূত্রে খবর, শনিবার বার্নপুরে টিউশন পড়তে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই কিশোরী। পরিবারের দাবি, মাঝরাস্তায় বন্ধুর সঙ্গে বাস থেকে নেমে যায় সে। তারপর থেকেই কিশোরীর মোবাইল বন্ধ। রাতে আসানসোল দক্ষিণ থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। অভিযোগ, গতকাল ওই ছাত্রীর মোবাইল থেকে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে এসএমএস আসে। এরপর ফের বন্ধ হয়ে যায় মোবাইল। আজ সকালে বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে আপকার গার্ডেন এলাকা থেকে ১৭ বছরের ওই কিশোরীর দেহ উদ্ধার হয়। বাঁ হাতের শিরা কাটা ছিল বলে পুলিশ জানিয়েছে।
Tags :
West Bardhaman