Bangaon: মারধরের অভিযোগে তৃণমূল নেতা গ্রেফতার, প্রতিবাদে বনগাঁয় তৃণমূল কর্মীদের বিক্ষোভ
মারধরের অভিযোগে গ্রেফতার হয়েছেন যুব তৃণমূল নেতা। প্রতিবাদে বনগাঁ থানার সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। বাটার মোড় অবরোধও করেন তাঁরা। গতকাল মারধরের অভিযোগে বনগাঁ পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল (TMC) সভাপতিকে গ্রেফতার করে পুলিশ। প্রতিবাদে আজ সকাল থেকে বনগাঁ থানায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বনগাঁর বাটার মোড় অবরোধ করা হয়। তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
অন্য়দিকে, খোদ তৃণমূল জেলা সভাপতির বাড়ির সামনে সরকারি জমিতে পার্টি অফিস বানানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের ঘটনা। তৃণমূল জেলা সভাপতির বাড়ির উল্টোদিকে হেরিটেজ বিল্ডিং। আর দোরগোড়ায় পূর্ত দফতরের জমিতে তৈরি হয়েছে শাসক দলের পার্টি অফিস। গতকাল এর উদ্বোধন হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল যে আইন মানে না এই ঘটনা তার প্রমাণ। তৃণমূল জেলা সভাপতির দাবি, এটি দলের অস্থায়ী অফিস। হেরিটেজ বিল্ডিং কর্তৃপক্ষ আপত্তি জানালে ওই অফিস সরিয়ে নেওয়া হবে।