Uluberia BJP Clash: উলুবেড়িয়ায় দলীয় অফিস ভাঙচুর বিজেপি কর্মীদের

রবিবার উলুবেড়িয়ায় (Uluberia) দলীয় অফিসে ভাঙচুর করল বিজেপির (BJP) কর্মীদের একাংশ। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে। জেলা সভাপতি ও বিজেপি নেতাদের হেনস্থার অভিযোগ। রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদকের সামনেই ভাঙচুরের অভিযোগ। ‘ভোট পরবর্তী হিংসার পর কর্মীদের পাশে কেউ নেই’, অভিযোগ জানিয়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের। দলীয় কার্যালয়ে বৈঠকে কলকাতা থেকে নেতারা উপস্থিত হলে তাঁদের সামনেই শুরু হয় বিক্ষোভ। বৈঠক ভেস্তে গেলে বেরিয়ে যান নেতারা। বেশ কয়েকজন বিজেপি নেতাকে মারধর করা হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও নিজেদের মধ্যে হাতাহাতিয়ে জড়িয়ে পড়েন কর্মীরা। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। বিজেপি কর্মীদের অভিযোগ, 'প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়াচ্ছেন না দলীয় নেতৃত্ব।' তৃণমূল কংগ্রেসের (TMC) কাছে আক্রান্ত হওয়ার পরে কোনওভাবেই সাহায্য না পাওয়ার অভিযোগ এনেছেন স্থানীয় বিজেপি কর্মীরা।

স্থানীয় বিজেপির আহ্বায়ক সুজয় চক্রবর্তী জানিয়েছেন, "স্থানীয় কর্মীদের ক্ষোভ প্রশমনে আমরা আগামী দিনে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছি। সব রাজনৈতিক কর্মসূচি বাদ দিয়ে আগে কর্মীদের নিয়ে ভাববে দল। দলের কর্মীদের অনেক আশা ছিল, তা পূরণ না হওয়ার কারণেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে।" যদিও এই ঘটনার কটাক্ষ করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola