Cricketer Death: ক্রিকেট প্র্যাক্টিস করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ুয়ার মৃত্যু। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 10 Dec 2022 01:03 PM (IST)

ক্রিকেট প্র্যাক্টিস করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ুয়ার মৃত্যু। শোকের ছায়া হুগলির চন্দননগরের কাঁটাপুকুর এলাকায়। গতকাল বিকেলে চন্দননগরের সন্তান সংঘের মাঠে ক্রিকেট প্র্যাক্টিস করতে যান মসজিদতলার বাসিন্দা দীপঙ্কর দাস। স্থানীয় সূত্রে খবর, একটি ক্যাচ ধরতে গিয়ে পড়ে যান দীপঙ্কর। মাঠেই জ্ঞান হারান তিনি। নাড়ুয়া হাইস্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্রকে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান হৃদরোগে তাঁর মৃত্যু হয়েছে। দু’বছর আগে একটি দুর্ঘটনায় মারা যান দীপঙ্করের দাদা। ছোটছেলেকেও হারিয়ে শোকস্তব্ধ বাবা-মা। ক্রিকেটের পাশাপাশি খোল বাজানোয় আগ্রহ ছিল দীপঙ্করের। সুস্থসবল প্রাণবন্ত ছেলেটার হঠাৎ কী হল! ভেবে থই পাচ্ছেন না দীপঙ্করের প্রতিবেশীরা।