ED: সিজিও কমপ্লেক্সে রুজিরা, শুরু জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া
কয়লা পাচার মামলায় ( Coal Smuggling Case ) বৃহস্পতিবার রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। বেলা ১২.৩০ এ তিনি সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছন । তারপর পৌঁছে যান এ ব্লকের ৬ তলায়। সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু হয়। ইডি সূত্রে খবর, রুজিরাকে ( Rujira Banerjee ) জিজ্ঞাসাবাদের জন্য দিল্লির অফিস থেকে এসেছেন আধিকারিকরা। অভিষেক-পত্নীর জন্য ৩ পাতার প্রশ্নমালা তৈরি করা হয় বলে খবর।
গত সোমবার দুবাই যাওয়ার পথে, কলকাতা বিমানবন্দরে আটকানো হয় রুজিরাকে। সূত্রের খবর, অভিবাসন দফতরের আধিকারিকরা তাঁকে জানান, ইডি-র মামলায় লুক আউট সার্কুলার জারি থাকায় বিদেশ যেতে পারবেন না রুজিরা। এরপর বিমানবন্দরেই অভিষেক-পত্নীকে হাজিরার নোটিস ধরায় ইডি। এই নিয়ে দু’বার ইডি-র ( ED ) মুখোমুখি হচ্ছেন রুজিরা।
দিলীপ বনাম শান্তনু:
অভিষেক-পত্নীকে তলব প্রসঙ্গে ফের একবার ঝাঁঝালো মন্তব্য করেন দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) । বলেন, ' ডাকাডাকির খবর অনেক হল, এবার গ্রেফতারির খবর করতে হবে।' পাল্টা মন্তব্য করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন ( Dr. Santanu Sen )। তিনি বলেন, ' চূড়ান্ত রাজনৈতিক প্রতিহিংসা। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বিমানবন্দরে আটকানো হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনজোয়ার জনপ্লাবনে পরিণত হয়ে বিজেপিকে ভাসিয়ে নিয়ে চলে যাওয়ায় হিংস্রভাবে আক্রমণ করা হচ্ছে। রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে বিজেপি। '