Joynagar Incident: জয়নগরে বাইক রহস্য! উদ্ধার হওয়া ২ বাইক ঘিরে উঠছে প্রশ্ন। ABP Ananda Live

জয়নগরে (Joynagar Incident) তৃণমূল (TMC) নেতা খুনের ঘটনায় বাজেয়াপ্ত করা দুটি বাইক ঘিরে রহস্য। একটি বাইকের (Motorbike) রেজিস্ট্রেশন দলুয়াখাকি গ্রামের সিপিএম (CPIM) কর্মী মুসিবুর রহমান লস্করের নামে। পুলিশের দাবি, মুসিবুর পলাতক। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছিলেন, এই দুটি বাইকে চড়েই আততায়ীরা তৃণমূলের অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্করকে খুন করতে এসেছিল। একটি বাইকে নম্বর প্লেট উধাও। দ্বিতীয় বাইকটির নম্বর প্লেট রয়েছে এবং বাইকে নাম লেখা রয়েছে সিপিএম কর্মী মুসিবুর রহমান লস্করের। খোঁজ মিলেছে মুসিবুরের পরিবারের। সিপিএম কর্মীর পরিবারের দাবি, তৃণমূল নেতার খুনের সময় বাড়িতেই ছিলেন মুসিবুর। পুলিশ আসায় তিনি পালিয়ে যান। এরপরই পেশায় দর্জি সিপিএম কর্মীর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। সিপিএম কর্মীর পরিবারের দাবি, ওই রাতে বাড়ির সামনেই দাঁড় করানো ছিল বাইক। কী করে সেই বাইক ৫ কিলোমিটার দূরে পুলিশ উদ্ধার করল, তা ভেবেই পাচ্ছে না সিপিএম কর্মীর পরিবার।