RG Kar Protest: চিকিৎসক খুনে বিচার চেয়ে ফের জনজোয়ার, ওয়াকার নিয়েই মিছিলে সামিল প্রবীণরাও | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: চিকিৎসক ধর্ষণ-খুনের বিচার চেয়ে ফের জনজোয়ার। হাইল্যান্ড পার্ক থেকে শ্যামবাজার-দীর্ঘ ৪২ কিমি রাস্তা জুড়ে রিলে মশাল মিছিল। কোথাও হুইলচেয়ারে, কোথাও ওয়াকার নিয়েই মিছিলে সামিল প্রবীণরাও।

ডুরান্ড কাপের (Durand Cup) ডার্বিতে গ্যালারি থেকে আর জি কর হাসপাতালে (RG Kar Hospital) মহিলা চিকিৎসকের ধর্ষণ ও ভয়াবহ খুনের ঘটনার তীব্র প্রতিবাদের পরিকল্পনা করা হয়েছিল। তবে পুলিশ নিরাপত্তা দিতে পারবে না, এই অজুহাতে সেই ম্যাচ বাতিল করা হয়েছিল। যদিও তাতে প্রতিবাদের কণ্ঠরোধ করা যায়নি। সল্ট লেকে যুবভারতী স্টেডিয়ামের বাইরে বিক্ষোভে ফেটে পড়েছিলেন ইস্টবেঙ্গল (East Bengal) ও মোহনবাগানের (Mohun Bagan) সমর্থকেরা। হাজির হয়েছিলেন মহমেডানের (Mohammedan Sporting) সমর্থকেরাও। স্লোগান উঠেছিল, 'দুই গ্যালারি এক স্বর, জাস্টিস ফর আর জি কর।'

আর জি করে নারকীয় ঘটনার বিয়াল্লিশ দিন পরেও মশাল হাতে কলকাতার রাস্তায় নামল নাগরিক সমাজ। বিশাল মিছিলে আছড়ে পড়ল জনস্রোত। ২০১১ সালের পর, ঘুমিয়ে পড়া নাগরিক আন্দোলনকে, অবশেষে যেন ফের জাগিয়ে তুলল আর জি কর কাণ্ড। আর শুক্রবারের মশাল মিছিলে ফের পা মেলালেন ময়দানের তিন প্রধানের সমর্থকেরা। ব্যানার তুলে ধরা হল, তিলোত্তমার পাশে ময়দান। সঙ্গে মুষ্টিবদ্ধ তিনটি হাতের স্কেচ। একটি হাতের রং লাল-হলুদ, একটি সবুজ-মেরুন ও তৃতীয়টি সাদা কালো। ময়দানের তিন ক্লাবের পতাকার রং।         

জুনিয়র ডাক্তারদের ধর্না শেষ, তবে আন্দোলন নয়। আর জি কর-কাণ্ডে বিচারের দাবিতে লড়াই চলছে, চলবে, সাফ জানিয়ে দিয়েছেন জুনিয়র চিকিৎসকেরা। শনিবার থেকে জরুরি বিভাগে যোগ দিচ্ছেন আন্দোলনকারী চিকিৎসকেরা। তার আগে শুক্রবারও রাজপথের জনসমুদ্রে, আবার উঠল প্রতিবাদের ঢেউ!

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola