Weather Update: সংক্রান্তি পেরোতেই পারদ-পতন, মাঘের শুরুতেই নামবে বৃষ্টি
আজও সকাল থেকে কুয়াশার (Fog) চাদরে ঢাকা পড়েছে শহর। তবে ফের নামল পারদ (Temperature)। এক ধাক্কায় ৩ ডিগ্রি কমে আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার থেকে ফের ঊর্ধ্বগামী হবে পারদ। মাঘের শুরুতেই কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলায় হালকা বৃষ্টি (Rainfall) হতে পারে জানিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা (Kolkata) ছাড়াও বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ও হাওড়ায়। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন কুয়াশা থাকবে। দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।