WB Election 2021: সোনারপুরে লাভলি মৈত্রর সামনেই প্রকাশ্যে এল তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Mar 2021 11:09 PM (IST)

সোনারপুর (Sonarpur) দক্ষিণ কেন্দ্রে দলীয় প্রার্থীর সামনেই তৃণমূল কংগ্রেসের (TMC) গোষ্ঠীদ্বন্দ্ব। দলের নির্বাচনী কমিটিতে জায়গা না পাওয়ায় ক্ষোভ উগড়ে দিলেন বিদায়ী বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের (Jeevan Mukherjee) অনুগামীরা। এবারের বিধানসভা নির্বাচনে ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র (Lovely Maitra)। বিক্ষুব্ধ কর্মীদের দাবি, দলের জেলা সভাপতি ও সোনারপুর শহর সভাপতির নেতৃত্বে এলাকায় দলের সাংগঠনিক দুর্বলতা দেখা দিয়েছে। তাঁদের অভিযোগ শুনে লাভলি খুব দ্রুত এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। এই বিষয়ে টিএমসির সোনারপুর শহর সভাপতি রঞ্জিত রায় ও জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী কোনও মন্তব্য করেননি।