Weather Alert: কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ, রাত থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু
ABP Ananda | 14 Sep 2024 10:45 AM (IST)

শরতের আকাশে দুর্যোগের ঘনঘটা। কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে যার অবস্থান ৯০ কিলোমিটার দূরে। আজ সন্ধে পর্যন্ত গভীর নিম্নচাপ হয়েই তা ক্রমশ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোবে। তারপর শক্তিক্ষয় করে চলে যাবে ঝাড়খণ্ডে। তবে এর প্রভাবে গতকাল রাত থেকেই কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আজ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান-সহ ১৫টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, পাঞ্জাব থেকে বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল থাকায়, আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেও আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা।