West bengal Election 2021: ব্রিগেডে ১৫ লক্ষ লোকের সভা হবে, তারপরেই বাংলায় পরিবর্তন, দাবি দিলীপ ঘোষের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Feb 2021 04:57 PM (IST)

মেদিনীপুর শহরে পরিবর্তন যাত্রার সূচনা করলেন দিলীপ ঘোষ। কেরানিচটি, ভাদুতলা, শালবনি, চন্দ্রকোণা রোড, গড়বেতা, রাসকুণ্ডু হয়ে বিজেপির রথ পৌঁছবে চন্দ্রকোণা শহরে। এরই মধ্যে রথ থামিয়ে পথসভা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ। চন্দ্রকোণা রোডের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, ‘কংগ্রেস, সিপিএম, তৃণমূল-সবাইকে দেখা হয়ে গেল। আমরা খেয়ে-পরে নিশ্চিন্তে ঘুমোতে চাই। কিন্তু এরা আমাদের জীবন থেকে সুখ-শান্তিটুকুও কেড়ে নিয়েছে। বাংলায় চিকিৎসা, পড়াশোনা, চাকরির কোনও সুযোগ নেই। কেন্দ্র যে রেশন পাঠিয়েছে, সেটাও খেয়ে নিয়েছে তৃণমূলের নেতারা। ইমিত শাহ যে যাত্রা শুরু করেছেন, সেই যাত্রা এসে কলকাতায় পৌঁছবে। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এসে ব্রিগেডে সভা করবেন। ১৫ লক্ষ লোকের সভা হবে। তারপরেই বাংলায় পরিবর্তন শুরু হবে।’