Lok Sabha Election 2024: বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরোধিতায় পড়ল পোস্টার
ABP Ananda | 27 Mar 2024 11:53 AM (IST)

সোশাল মিডিয়ায় পোস্টের পর এবার বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরোধিতা করে পড়ল পোস্টার। আজ টাকি রোডের কাজিপাড়ায় নির্বাচনী অফিস উদ্বোধন করবেন প্রার্থী। সেই অফিসের দেওয়ালেই তাঁর প্রার্থী হওয়ার বিরোধিতা করে পোস্টার সাঁটা হয়েছে। সঙ্গে খবরের কাগজের কাটিং এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী ও তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পোস্টের ছবি। পোস্টারের নেপথ্যে তৃণমূলেরই হাত দেখছেন বারাসাতের বিজেপি প্রার্থী। শাসকদলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।
লোকসভা ভোটে বিজেপি বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারকে প্রার্থী করায়, তাঁকে ড্রাগ মাফিয়া বলে দাবি করে সরব হয় তৃণমূল। শাসকদলের সঙ্গে সুর মিলিয়ে দলীয় প্রার্থীর বিরোধিতায় সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেন বিজেপি কর্মী, সমর্থকরাও।