West Bengal Election 2021: ভোটের আগে ভাটপাড়ায় অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার এক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Apr 2021 11:59 AM (IST)

ভোটের আগে ভাটপাড়ায় অস্ত্র কারখানার হদিশ মিলল। রাতে কলাবাগান এলাকায় অভিযান পুলিশের। উদ্ধার পাঁচটি অসম্পূর্ণ ও দু’টি সম্পূর্ণ আগ্নেয়াস্ত্র। একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে, ভোটের আগে উত্তর ২৪ পরগনার দু’টি জায়গায় আইএসএফ (ISF) কর্মীদের উপর হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল হাড়োয়া বিধানসভার শাসনে দলীয় সভা করেছিলেন আইএসএফ কর্মীরা। অভিযোগ, সেখানেই হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। জখম হন পাঁচ আইএসএফ কর্মী। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে, দেগঙ্গা বিধানসভার লক্ষ্মীপুরে আইএসএফ কর্মীরা আক্রান্ত হয় বলে অভিযোগ। আব্বাস অনুগামীদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ধারলো অস্ত্র নিয়ে চড়াও হয়। আহত তিন আইএসএফ কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।