মালদার মানিকচকের মথুরাপুরে বোমা বিস্ফোরণ, আটক ২ জখম তরুণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jan 2020 09:57 AM (IST)

মালদার মানিকচকের মথুরাপুরে আম বাগানে বোমা বিস্ফোরণ। আটক ২ জখম তরুণ। বোমা তৈরি করতে গিয়ে বিস্ফোরণ বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত সাড়ে ৯টা নাগাদ বিকট শব্দে চমকে ওঠেন সিংহ পাড়ার বাসিন্দারা। সেইসময় ২টি মোটর বাইকে চড়ে তাঁরা ৪ জনকে পালাতে দেখেন বলে দাবি। পরে মথুরাপুর বাস স্ট্যান্ডে ২ জনকে রক্তাক্ত অবস্থায় ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। তাদের পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা। জখম দুই তরুণকে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ২০ ও ২১ বছরের দুই তরুণ ভুতনি থানা এলাকার বাসিন্দা। কী উদ্দেশ্যে তারা মথুরাপুরে এসেছিল, খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে এলাকায় অপরিচিত ব্যক্তিদের আনাগোনা বেড়েছিল। পুলিশি নিরাপত্তার দাবি জানিয়েছেন তাঁরা।