'বাচ্চা সামলাতে গিয়ে বিধ্বস্ত'! বেলেঘাটায় ২ মাসের শিশুকন্যাকে খুনের অভিযোগে গ্রেফতার মা!

বেলেঘাটায় ২ মাসের শিশুকন্যাকে খুনের অভিযোগে গ্রেফতার মা। ধৃত সন্ধ্যা মালোর দাবি, বাচ্চা সামলাতে গিয়ে তিনি শারীরিক ও মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন। সেই কারণেই মেয়েকে খুন করেন তিনি। স্থানীয় সূত্রে খবর, ধৃতের ৯ বছরের একটি ছেলে রয়েছে। দ্বিতীয়বার কন্যাসন্তান হওয়ায় মহিলা হতাশ ছিলেন কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ। খুনের কারণ সম্পর্কে নিশ্চিত হতে মনোবিদের সাহায্য নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। গতকাল বেলেঘাটার অভিজাত আবাসনে ২ মাসের শিশুকে অপহরণের অভিযোগ ওঠে। সন্ধ্যা মালো নামে ওই মহিলা দাবি করেন, এক যুবক তাঁকে মারধর করে তাঁর মেয়েকে অপহরণ করে। রাতে আবাসনের ম্যানহোল থেকে শিশুটির দেহ উদ্ধার হয়। শিশুর মায়ের বক্তব্যে অসঙ্গতি মেলায় তাঁকে আটক করে পুলিশ। টানা জিজ্ঞাসাবাদে মহিলা নিজের মেয়েকে খুনের কথা কবুল করেন বলে পুলিশের দাবি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola