জাঁকিয়ে মাঘের শীত, সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা?
কথায় বলে মাঘের শীত। গতকাল রাত থেকেই তা মালুম হচ্ছে। কলকাতায় পারদ নামল ৩ ডিগ্রি। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আকাশ পরিষ্কার। উত্তুরে হাওয়ার বাধা কাটতেই পারদ নিম্নমুখী। আজ ও কাল রাজ্যে জাঁকিয়ে শীত। যদিও সরস্বতী পুজোয় এবার বৃষ্টির ভ্রুকুটি। কারণ, এবছর, বুধ ও বৃহস্পতিবার ২ দিন ধরে সরস্বতী পুজো। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী সপ্তাহে সোম থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া দফতর সূত্রে খবর।