গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের বহুতলে আগুন: ৮০ বছরের পুরনো বাড়িতে মান্ধাতার আমলের ওয়্যারিং, অভিযোগ আবাসিকদের

গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের বহুতলে আগুন নেভার পর, সকালে ফের ধোঁয়া। দমকল চলে যাওয়ার পর, ৬ তলা থেকে গলগল করে ধোঁয়া বের হতে শুরু করে। নতুন করে আতঙ্ক ছড়ায়। ফের পৌঁছয় দমকল। আবাসিকদের অভিযোগ, ৮০ বছরের পুরনো বাড়িতে মান্ধাতার আমলের ওয়্যারিং। মালিক পক্ষকে বারবার সারানোর কথা বললেও সুরাহা মেলেনি। দমকলের বিরুদ্ধে রাতে দেরিতে আসার অভিযোগ আবাসিকদের।
গতকাল রাত সোয়া ১০টা নাগাদ ২১ নম্বর গণেশচন্দ্র অ্যাভিনিউয়ের ওই বহুতলের নীচের তলায় মিটার ঘরে আগুন লাগে। ইলেকট্রিক্যাল ওয়্যারিংয়ের মাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে আটতলা বহুতলের উপর পর্যন্ত। ওই বহুতলে ৪৮টি পরিবার থাকে। আতঙ্কে হুড়োহুড়ি করে বেরোতে গিয়ে ১২ বছরের এক বালক উপর থেকে পড়ে যায়। পরে বেলভিউ হাসপাতালে তার মৃত্যু হয়। এছাড়াও, শৌচাগারে আটকে পড়ে মৃত্যু হয় বছর ষাটের এক বৃদ্ধার। এসএসকেএমে ভর্তি দুই মহিলা সহ আরও তিনজন। রাতেই ঘটনাস্থলে যান দমকলমন্ত্রী। উদ্ধারকাজের জন্য আনা হয় হাইড্রোলিক ল্যাডার। দমকলের ১২টি ইঞ্জিনের সাড়ে তিনঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola