Jadavpur University: 'মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, পাশে থাকার আশ্বাস দিয়েছেন' জানালেন মৃত পড়ুয়ার বাবা
অকালে চলে গেল ছেলেটা। কিছু বুঝে ওঠার আগেই সব শেষ। শোকে বিহ্বল বাবা মা। পাশে থাকার আশ্বাসে দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের সঙ্গেও কথা প্রয়াত স্বপ্নদীপ কুণ্ডুর পরিবারের।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) প্রথম বর্ষের ছাত্রর রহস্যমৃত্যুকাণ্ডে ফোন করে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত ছাত্রের বাবা, রামপ্রসাদ কুণ্ডু বলেন, “মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন। উনি আমাদের সান্ত্বনা দিয়েছেন। ওঁর কথা শুনে আমার খুবই ভাল লেগেছে। উনি বলেছেন, ছেলেটাকে ফিরিয়ে তো দিতে পারব না। কিন্তু আপনারা যাতে সুবিচার পান তার ব্যবস্থা করব। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। উনি নিশ্চয়ই উপযুক্ত শাস্তি দেবেন।অ ন্য বাবা মায়ের কোল যেন খালি না হয়, তা নিশ্চয়ই ব্যবস্থা করবেন।’’ পাশাপাশি তিনি জানান, রাজ্যপালের সঙ্গেও কথা হয়েছে। এই ঘটনার তদন্ত করে শাস্তির ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সি ভি আনন্দ বোস।