অর্ধেক আন্তরিকতা নিয়ে কোনও কাজ করা উচিত নয়, রাজনীতি যোগ প্রসঙ্গে বললেন প্রিয়ঙ্কা সরকার
টালিগঞ্জে এখন পুরোদমে রাজনৈতিক হাওয়া। কেউ ঘাসফুল শিবিরে নাম লেখাচ্ছেন তো কেউ পদ্মশিবিরে। এমন সময় দাঁড়িয়ে রাজনীতি থেকে নিজেকে দূরে রাখার কথাই বললেন প্রিয়ঙ্কা সরকার। কেন দূরে থাকা সে নিয়ে মুখও খুলেছেন তিনি। প্রিয়ঙ্কাকে কী রাজনীতিতে দেখা যাবে প্রশ্নে তাঁর উত্তর, 'সবসময় মনে করি কোনও কাজই অর্ধেক আন্তরিকতা দিয়ে করা উচিত নয়। রাজনীতিও কেরিয়ার, সেখানে এগিয়ে যেতে পড়াশোনা দরকার, সঙ্গে পুরো সময় কাজ করার মানসিকতা। এই মুহূর্তে ব্যক্তিগত ও কর্মজীবন সামলে সেই সময় করে উঠতে পারব না, তাই দূরে থাকাই স্রেয়।' যদিও রাজনীতির মঞ্চে পা রাখা সহকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে প্রিয়ঙ্কা জোড়েন, 'ব্যক্তিগত জীবন, কাজ সামলানোর পরও যারা নতুন দায়িত্ব গ্রহণের পথে এগিয়ে গিয়েছেন, তাঁদের প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল।' সবরকম ব্যস্ততা সামলে নতুন রাজনৈতিক জীবনে তাদের জন্য সাফল্যও প্রার্থনা করেছেন প্রিয়ঙ্কা।