BJP: বর্ধমানে বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্ব, দু’টি পণ্যবাহী গাড়িতে আগুন

বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল বর্ধমান শহরের ঘোড়দৌড়চটি। দলে পুরনো ‘বনাম’ নব্যের বিবাদ। পুরনো বিজেপি কর্মীদের দাবি, নতুনদের দাপটে হালে পানি পাচ্ছেন না তাঁরা। আর এই নিয়ে অসন্তোষ জানাতে গিয়েই তুলকালাম। সূত্রের খবর, দলের অন্দরের ক্ষোভ মেটাতে বিক্ষুব্ধদের আলোচনায় ডেকেছিল জেলা নেতৃত্ব। আলোচনায় যোগ দিতে হাতে দলীয় পতাকা, মুখে স্লোগান দিতে দিতে পার্টি অফিসে আসেন বিক্ষুব্ধরা। এরপর শুরু হয় বৈঠক। কিন্তু কিছুক্ষণ পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁদের কয়েকজনকে মারধর করা হয়। এরপরই যেন আগুনে ঘি পড়ে। দু’পক্ষের মধ্যে শুরু হয়ে যায় ব্যাপক গণ্ডগোল। একপক্ষ পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে ইট ছুড়ছে...তো অপরপক্ষ পার্টি অফিসের ছাদে উঠে পাল্টা আক্রমণ শানাচ্ছে। এরপরই আগুন লাগিয়ে দেওয়া হয় দু’দুটি গাড়িতে। গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। তবে এত কিছুর পরেও, দলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ মানতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola