তুফানগঞ্জে বিজেপি নেতার জমিতে ট্র্যাক্টর চালিয়ে বীজতলা নষ্টের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
বিজেপি নেতার জমিতে ট্র্যাক্টর চালিয়ে বীজতলা নষ্টের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কোচবিহারের তুফানগঞ্জের দেওচড়াই এলাকার ঘটনা। বিজেপির সংখ্যালঘু মোর্চার স্থানীয় নেতা কাজি রাহুল হোসেনের অভিযোগ, গত কয়েকমাস ধরে তৃণমূলের নির্দেশে তাঁকে একঘরে করে রাখা হয়েছে। বিজেপি নেতার আড়াই বিঘা জমিতে কাউকে কাজও করতে দেওয়া হয়নি। গতকাল বাইরে থেকে লোক এনে জমিতে বীজতলা তৈরি করেন বিজেপি নেতা। সেই কাজ শেষ হওয়ার পর, তৃণমূল কর্মীরা জমিতে ট্র্যাক্টর চালিয়ে বীজতলা নষ্ট করে দেয় বলে অভিযোগ। এনিয়ে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেতা। তৃণমূলের দাবি, নিজেরা এ কাজ করে তাদের ঘাড়ে দোষ চাপাচ্ছে গেরুয়া শিবির।