কৃষক সম্মান নিধিতেও হয়তো তৃণমূল নেতাদের নাম পাঠাবেন, কটাক্ষ দিলীপের

‘রোগী কল্যাণ সমিতির সদস্য হয়েও বিধায়ককে ভ্যাকসিন। রোগী তো নন, তাহলে ভ্যাকসিন কেন? সব জায়গায় একই কাজ করছে তৃণমূল। কৃষক সম্মান নিধিতেও হয়তো তৃণমূল নেতাদের নাম পাঠাবেন। মুখ্যমন্ত্রীর ভ্যাকসিনে গঙ্গাজল থাকবে কিনা তার গ্যারান্টি কী আছে! কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিয়েছে। হালকা কথা বলা উচিত নয়।’ সাংবাদিক বৈঠকে তৃণমূলকে আক্রমণ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। 
রাজ্যে প্রয়োজনের তুলনায় কম ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র। আজ এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ঘোষণা করেছেন, রাজ্যের সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে। এই ঘোষণা নিয়েই কটাক্ষ করেছেন বিজেপি রাজ্য সভাপতি। 
অন্যদিকে, করোনার ভ্যাকসিন নিলেন কাটোয়ার তৃণমূল বিধায়ক। এদিন কাটোয়া মহকুমা হাসপাতালে টিকা নেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এরপর হাসপাতালে আসেন কাটোয়ার তৃণমূল বিধায়ক তথা পুর প্রশাসক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তিনিও টিকা নেন। কাটোয়া মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। তালিকায় নাম থাকায় টিকা নিয়েছেন, দাবি তৃণমূল বিধায়কের। এক্ষেত্রে কোভিড-বিধি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এদিন ভাতার স্টেট জেনারেল হাসপাতালে করোনার টিকা নেন ভাতারের তৃণমূল বিধায়ক সুভাষ মণ্ডল ও প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা। দুজনেই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সদস্য, সেই কারণেই টিকা নিয়েছেন, জানিয়েছেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এই বিষয়টি নিয়েও তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola