Durga Puja 2020: ভিড় এড়াতে তৃতীয়া থেকেই এবার ঠাকুর দেখা শুরু? উদ্বোধন ভার্চুয়ালে?

দুর্গাপুজোয় সরকারি বিধিনিষেধ মেনে চলার আহ্বান জানাল 'ফোরাম ফর দুর্গোৎসব'।পুজোয় সাংস্কৃতিক অনুষ্ঠান না করার সিদ্ধান্ত ফোরামের অন্তর্গত পুজো কমিটিগুলির। অন্যদিকে, পুলিশের নির্দেশ, ২৬ থেকে ২৯ অক্টোবরের মধ্যে হবে বিসর্জন। নিউ নর্মালে উমার আরাধনা। পরিবর্তিত পরিস্থিতিতে নানা রকম বিধিনিষেধ। করোনা আবহে সরকারের সমস্ত বিধিনিষেধ মেনে দুর্গাপুজো আয়োজনের আহ্বান জানাল 'ফোরাম ফর দুর্গোৎসব'। অন্যদিকে এদিনই, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো নিয়ে জরুরি বৈঠক করে কলকাতা পুলিশ। উপস্থিত ছিল বিভিন্ন পুজো কমিটি। বৈঠকেই নির্দিষ্ট হয় বিসর্জনের দিন। সরকারি নির্দেশিকা অনুযায়ী, দুর্গাপুজোর প্যান্ডেল রাখতে হবে খোলামেলা। মণ্ডপে প্রবেশ এবং বাইরের পথ আলাদা রাখতে হবে। দর্শনার্থী এবং মণ্ডপ চত্বরে থাকা প্রত্যেককে মাস্ক পরতেই হবে। দর্শনার্থীরা মাস্ক না পরলে পুজো কমিটিগুলিকে প্রয়োজনে মাস্কের ব্যবস্থা করতে হবে। মণ্ডপ ও সংলগ্ন এলাকায় স্যানিটাইজার রাখতে হবে। প্রতিটি পুজো কমিটিকে পর্যাপ্ত স্বেচ্ছাসেবকের মাধ্যমে শারীরিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে। ছোট ছোট ভাগে অঞ্জলি, প্রসাদ বিতরণ এবং সিঁদুর খেলার আয়োজন করতে হবে।  পুজো মণ্ডপ চত্বরে কোনও সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না। পুজোর পুরস্কার দেওয়ার জন্য বেশি সংখ্যায় বিচারকদের পুজো মণ্ডপে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। এক সময়ে বিচারকদের দুটির বেশি গাড়ি রাখা যাবে না। পুজোর উদ্বোধন এবং বিসর্জন ছোট করে করতে হবে। প্রয়োজনে ভার্চুয়াল উদ্বোধনের ওপরে জোর দিতে হবে। ভিড় এড়াতে তৃতীয়া থেকেই ঠাকুর দেখা শুরুর বিষয়ে নজর দিতে হবে পুজো কমিটিগুলিকে। এ বছর পুজো কার্নিভাল হবে না।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola