কুলটিতে এক ঘণ্টার ব্যবধানে একই প্রকল্পের দু’বার উদ্বোধন! প্রকাশ্যে শাসকদলের ‘গোষ্ঠীকোন্দল’

এক ঘণ্টার ব্যবধানে একই প্রকল্পের দু’ দু’বার উদ্বোধন। পশ্চিম বর্ধমানের কুলটিতে রাস্তার আলো প্রকল্পের উদ্বোধন ঘিরে ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সম্প্রতি ধেমোমেন এলাকায় ২ কোটি ৪২ টাকা ব্যয়ে নিয়ামতপুর থেকে দিশেরগড় পর্যন্ত রাস্তার আলো বসানো হয়েছে। গতকাল সন্ধেয় এটি উদ্বোধনের কথা ছিল কুলটির বিধায়ক তথা আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের। কিন্তু একঘণ্টা আগেই সেখানে এসে প্রকল্পের উদ্বোধন করেন আসানসোল পুরসভার ডেপুটি মেয়র তবস্সুম আরা। তাঁর দাবি, পুর ও নগরোন্নয়নমন্ত্রীর কাছে দরবার করে তিনিই এই প্রকল্পের অর্থ জোগাড় করেছেন। এর একঘণ্টা পর, একই প্রকল্পের উদ্বোধন করেন কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। ডেপুটি মেয়র প্রসঙ্গে মন্তব্য করতে অস্বীকার করেন বিধায়ক। অন্যদিকে, ডেপুটি মেয়রকে সমর্থন জানিয়েছেন জেলা তৃণমূলের সহ সভাপতি। বিষয়টি খোঁজ নিয়ে দেখার আশ্বাস জেলা সভাপতির। শাসক-দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় কটাক্ষ বিজেপির।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola