সাপ্তাহিক লকডাউন: সকাল থেকেই তৎপর পুলিশ, নিয়ম ভাঙায় গ্রেফতার দুই
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Aug 2020 09:12 AM (IST)

সকাল থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় ফাঁকা। রাস্তায় ব্যারিকেড। মোতায়েন পুলিশ। গাড়ি গেলেই পুলিশ কর্মীরা দাঁড় করিয়ে বাইরে বেরোনোর কারণ জানতে চাইছেন। নিউ আলিপুরে সকাল থেকেই পুলিশের তত্পরতা। টালিগঞ্জ ট্রাফিক গার্ড এবং নিউ আলিপুর থানার পুলিশ গাড়ি চেক করেছে। রাস্তায় লোক নেই। উল্টোডাঙায় বিভিন্ন জায়গায় চলছে নাকা তল্লাশি। গাড়ি থামিয়ে বাইরে বেরনোর কারণ জানতে চাইছেন পুলিশ কর্মীরা। পরীক্ষা করা হচ্ছে গাড়ির কাগজ। লেকটাউনে পুলিশি তত্পরতা। লেকটাউনের যশোর রোডে আজ সকালে একটি দোকান খোলা ছিল। দোকান মালিককে গ্রেফতার করে লেকটাউন থানার পুলিশ। এক মোটরবাইক বাইরে বেরনোর উপযুক্ত কারণ বলতে না পারায় তাঁকেও গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।