Salary News : চাকরিজীবনে পদোন্নতির জন্য হত্যে দিয়ে পড়ে থাকতে হবে না। প্রোমোশনের জন্য অপেক্ষা করতে হবে না দীর্ঘ সময়কাল। এবার প্রতি ৪ বছর অন্তর কেন্দ্রীয় সরকারি কর্মীদের পদোন্নতির প্রস্তাব দিল ডাককর্মী সংগঠন। অষ্টম বেতন কমিশনের (8th Pay Commission) কাছে পাঠানো হয়েছে এই প্রস্তাব। একবার কমিশনে এই প্রস্তাবে সায় দিলেই তা চলে যাবে সরকারের কাছে। শেষে সরকার অনুমোদন দিলেই তা নিয়মে পরিণত হবে।
কেন এই বদল চাইছে কর্মী সংগঠন সম্প্রতি ডাক বিভাগের কর্মী সংগঠন 'ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশন' (FNPO) এই দাবি তুলেছে। অষ্টম বেতন কমিশনের আগেই এই ব্যবস্থার বদলের ডাক দিয়েছে সংগঠন। পদোন্নতির জন্য প্রয়োজনীয় চাকরির মেয়াদ ১ থেকে ৪ বছর করার প্রস্তাব দেওয়া হয়েছে। যার অর্থ, আগামী দিনে প্রস্তাব অনুমোদিত হলে প্রোমোশনের জন্য ৪ বছরের বেশি অপেক্ষা করতে হবে না কর্মীদের।
কত বছর পদোন্নতির জন্য অপেক্ষা করতে হয় 'ফেডারেশন অফ ন্যাশনাল পোস্টাল অর্গানাইজেশন' (FNPO) তথ্য অনুযায়ী, 'ডিপার্টমেন্ট অফ পার্সোনেল অ্য়ান্ড ট্রেনিং'-এ বিভিন্ন পে লেভেল নিয়ে পদোন্নতির মেয়াদের কথা উল্লেখ করা হয়েছে। ২০২২ সালের ২০ সেপ্টেম্বরের অফিস মেমোরেন্ডামে রয়েছে এই বিষয়। কর্মী সংগঠনের মতে, ৬-১১ লেভেলে পদোন্নতির জন্য ১২ বছর চাকরির মেয়াদকাল হতে হয়। পাশাপাশি লেভেল ৪-৬, ৬-১০ ও ১১-১৩-তে পদোন্নতির জন্য ১০ বছরের চাকরিজীবন হতে হবে কর্মীর।
