দিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের আঁচ সরাসরি প্রভাব ফেলেছে হেঁশেলে! দিন যত এগিয়েছে LPG নিয়ে বেড়েছে উদ্বেগ। কিন্তু আগের তুলনায় বর্তমানে গ্যাস সঙ্কট কিছুটা কাটিয়ে উঠলেও, পুরোপুরি মুক্তি মেলেনি এর থেকে। আবার কিছু কিছু পরিবর্তন মানুষকে এখনও সমস্যার দিকে ঠেলে দিচ্ছে। এর মাঝে ফের মে মাসের প্রথম দিন থেকেই বদলে যেতে পারে আপনার হেঁশেলের বাজেটের অঙ্ক। বদলে যেতে পারে LPG-র বুকিং এবং ডেলিভারির নিয়মেও।
বিশ্বজুড়ে যেভাবে জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে তাতে চিন্তিত সকলেই। আর এই আবহে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম-এর মতো রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি তাদের ডেলিভারি ও বুকিং পদ্ধতিতে বড়সড় বদল আনতে চলেছে। মে মাসের ১ তারিখ থেকেই এই নিয়মগুলি কার্যকর হবে বলে জানা গিয়েছে। মূলত ৫টি পরিবর্তন হতে চলেছে এই মাসে। সেগুলো কী কী? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
কী কী পরিবর্তন হবে?
১. দামে পরিবর্তন
আমেরিকা-ইজরায়েল ও ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেল বিপণনকারী সংস্থাগুলো ভারতজুড়ে ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম একধাক্কায় ৬০ টাকা বাড়িয়েছে। ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক মাসে তিনবার বেড়েছে। ২০২৬ সালের এপ্রিল মাসের জন্য মেট্রো শহরগুলিতে এর দাম ১৯৬ টাকা থেকে বাড়িয়ে ২১৮ টাকা করা হয়েছে। এর আগে ৭ই মার্চ সিলিন্ডার প্রতি ১১৪.৫ টাকা দাম বাড়ানো হয়েছিল, তার আগে ২০২৬ সালের ১লা মার্চ ২৮ টাকা থেকে বাড়িয়ে ৩১ টাকা করা হয়েছিল। ১ মে থেকে নতুন করে দাম বাড়তে পারে বলে সূত্রের খবর। বিশ্ব বাজারের পরিস্থিতির উপর নির্ভর করে সিলিন্ডারের দাম বাড়তে পারে।
২. বুকিং-এর নিয়মে পরিবর্তন
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক ইতিমধ্যেই বুকিং কাঠামোয় বড় পরিবর্তন আনছে। শহরাঞ্চলে আগে ২১ দিনের ব্যবধানে গ্যাস বুক করা যেত, যা বাড়িয়ে ২৫ দিন করা হয়েছে। গ্রামাঞ্চলের ক্ষেত্রে এই ব্যবধান ৪৫ দিন। অর্থাৎ, গ্যাস শেষ হওয়ার অনেক আগে থেকেই আপনাকে পরিকল্পনা করে নিতে হবে। আর এই নিয়মে কোনও পরিবর্তন হবে না। ৩. ওটিপি ডেলিভারি
বর্তমানে গ্যাস ডেলিভারি ওটিপি-ভিত্তিক যাচাইকরণ ব্যবস্থাটি স্থায়ী থাকবে, এর কোনও পরিবর্তন নাও হতে পারে। ভর্তুকিপ্রাপ্ত সিলিন্ডারের অপব্যবহার রোধ করার লক্ষ্যে অনলাইন এলপিজি বুকিং প্রায় ৯৮ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে ডেলিভারি অথেন্টিকেশন কোড-ভিত্তিক ডেলিভারি প্রায় ৯৪ শতাংশে পৌঁছেছে। কালোবাজারি রোধ করার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
৪. আধার ই-কেওয়াইসি
সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য আধার-ভিত্তিক বায়োমেট্রিক প্রমাণীকরণ বা E-KYC বাধ্যতামূলক করতেই হবে। যারা এখনও পর্যন্ত এটি সম্পন্ন করেননি, তাদের তাড়াতাড়ি করে নিতে হবে। যাঁদের ই-কেওয়াইসি আগে থেকেই করা আছে, তাঁদের আর করতে হবে না। তবে ভর্তুকির পদ্ধতি বজায় রাখতে এই আপডেট যাচাই করে রাখা জরুরি।
৫. PNG-তে জোর
কেন্দ্রের তরফে জানান হয়েছে, যেসব এলাকায় পাইপলাইনের মাধ্যমে পিএনজি (PNG) সংযোগ পৌঁছে দেওয়া হচ্ছে, সেই সব এলাকার গ্রাহকদের দ্রুত এলপিজি সিলিন্ডার ছেড়ে PNG ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই পরিবর্তন না করা হয়, তবে সংশ্লিষ্ট গ্রাহকদের এলপিজি সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে।
