কলকাতা: প্যান কার্ড তৈরি বা সংশোধন নিয়ে সাধারণ মানুষের জন্য বড়সড় আপডেট সামনে এসেছে। আগামী ১ এপ্রিল থেকে আয়কর দপ্তর প্যান কার্ড সংক্রান্ত নিয়ম আরও কড়া করতে চলেছে। এতদিন শুধুমাত্র আধার কার্ডের সাহায্যে সহজেই প্যানের কাজ করা গেলেও, নতুন আর্থিক বছর থেকে সেই সুবিধা আর থাকছে না। আধারের ওপর নির্ভরতা কমিয়ে পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে আরও কিছু বাধ্যতামূলক নিয়ম যোগ করা হচ্ছে। ব্যাঙ্কিং থেকে আয়কর রিটার্ন—প্রতিটি গুরুত্বপূর্ণ কাজে প্যান কার্ড অপরিহার্য, তাই এই পরিবর্তনগুলি আগে থেকেই জানা খুবই জরুরি।

Continues below advertisement

বদলের কারণ কী?

বর্তমানে ৩১ মার্চ পর্যন্ত ই-কেওয়াইসি পদ্ধতিতে শুধুমাত্র আধার তথ্য দিয়েই প্যান কার্ড তৈরি করা যায়। কিন্তু কেন্দ্রের মতে, পরিচয় যাচাই আরও স্বচ্ছ ও নির্ভুল করা প্রয়োজন। সেই কারণে নতুন অর্থবর্ষ থেকে যাচাইকরণ প্রক্রিয়া আরও কঠোর করা হচ্ছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে এই পরিবর্তন সম্পর্কে সচেতন করছে, যাতে শেষ মুহূর্তে সমস্যা না হয়।

Continues below advertisement

নতুন করে কোন নথি লাগবে

নতুন নিয়ম অনুযায়ী, আধার কার্ডের পাশাপাশি জন্মতারিখের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক হবে। নিম্নলিখিত নথিগুলির যে কোনও একটি দেওয়া যেতে পারে—

জন্ম সার্টিফিকেট (Birth Certificate)ভোটার আইডি কার্ড বা পাসপোর্টড্রাইভিং লাইসেন্সমাধ্যমিকের মার্কশিট বা অ্যাডমিট কার্ডঅন্য কিছু না থাকলে আইনি এফিডেভিট

নামের মিল না থাকলে আবেদন বাতিল

নতুন নিয়মে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—নামের নির্ভুলতা। প্যান কার্ডে দেওয়া নাম এবং আধারে থাকা নাম হুবহু এক হতে হবে। বানান বা নামের সামান্য অমিল থাকলেও আবেদন বাতিল হতে পারে। তাই আবেদন করার আগে সমস্ত তথ্য ভালোভাবে মিলিয়ে নেওয়া জরুরি।

পুরোনো ফর্ম আর চলবে না

১ এপ্রিল থেকে প্যান কার্ডের পুরোনো সব ফর্ম বাতিল হয়ে যাবে। তার বদলে নতুন ফর্ম চালু করা হবে। ফলে ৩১ মার্চের পর আবেদন করতে হলে নতুন ফর্ম এবং নতুন নিয়ম মেনেই করতে হবে।

কী করবেন এখন

বিশেষজ্ঞদের মতে, নতুন নিয়মে নিরাপত্তা বাড়লেও পুরো প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ হতে পারে। তাই ঝামেলা এড়াতে যাঁদের প্যান কার্ড তৈরি বা সংশোধন করার প্রয়োজন, তাঁদের চলতি মাসের মধ্যেই আবেদন সম্পূর্ণ করে নেওয়াই ভালো।