নয়াদিল্লি: বিভিন্ন দেশের উপর চাপানো শুল্ককে ‘বেআইনি’ ঘোষণা করেছে আমেরিকার সুপ্রিম কোর্ট। সেই নিয়ে দেশের সর্বোচ্চ আদালতকে তুলোধনা করতে ছাড়েননি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সুপ্রিম কোর্টের নিদান উড়িয়ে, পাল্টা নতু হারে বৈশ্বিক শুল্ক ঘোষণা করলেন তিনি। ১০ শতাংশ হারে সব দেশের উপর নতুন বৈশ্বিক শুল্ক চাপালেন তিনি। অর্থাৎ সমস্ত দেশ থেকে আমদানিকৃত পণ্য থেকে বাড়তি ১০ শতাংশ শুল্ক আদায় করবে তাঁর সরকার। (Donald Trump New Tariffs)
ট্রাম্প জানিয়েছেন, ১০ শতাংশ হারে নতুন বৈশ্বিক শুল্ক আরোপের নির্দেশে সই করেছেন তিনি। এই মুহূর্তে আমেরিকাকে যে হারে শুল্ক দেয় বিভিন্ন দেশ, তার উপর বাড়তি ১০ শতাংশ হারে শুল্ক কার্যকর হবে। বাণিজ্যশুল্কের বিরুদ্ধে যে বা যাঁরা রায় দিয়েছেন, তাঁরা 'দেশের লজ্জা' বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। ২৪ ফেব্রুয়ারি মধ্যরাত থেকেই নয়া হারে বৈশ্বিক শুল্ক কার্যকর হচ্ছে। (Trump Signs Global Tariffs)
১০ শতাংশ হারের নতুন এই বৈশ্বিক শুল্ক আপাতত সর্বোচ্চ ১৫০ দিনের জন্য কার্যকর হবে বলে জানা যাচ্ছে। মেয়াদবৃদ্ধির জন্য কংগ্রেসের অনুমোদনেরও প্রয়োজন পড়বে না আর। সুপ্রিম কোর্ট শুল্ককে বেআইনি ঘোষণার পর তাঁর সরকার এতদিন ধরে সংগৃহীত শুল্ক ফেরত দেবে কি না, সেই নিয়ে প্রশ্নের জবাবও দিয়েছেন ট্রাম্প। আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন তিনি।
১০ শতাংশ হারে নতুন বৈশ্বিক শুল্ক নিয়ে ট্রাম্পের বক্তব্য, ''ওভাল অফিসে সমস্ত দেশের উপর ১০ শতাংশ হারে বৈশ্বিক শুল্ক চাপানোর নির্দেশে সই করে সম্মানিত বোধ করছি।" অবিলম্বেই ১০ শতাংশ হারে শুল্ক কার্যকর হবে বলে জানিয়েছেন ট্রাম্প। আগামী পাঁচ মাস এই বৈশ্বিক শুল্ক কার্যকর থাকবে। তবে প্রয়োজন বুঝে মেয়াদ বৃদ্ধিও করা হতে পারে। ট্রাম্পের বক্তব্য, "নিজেদের ইচ্ছে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে আমাদের।" সুপ্রিম কোর্ট বিদেশি-স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে বলেও আক্রমণ শানান ট্রাম্প। তাঁর বক্তব্য, "বিদেশি-স্বার্থকেই গুরুত্ব দিচ্ছে ওরা। আমি বিপুল ভোটে জয়ী হয়েছি। কিন্তু এরা জঘন্য, মূর্খ লোকজন।"
শুক্রবারই আমেরিকার সুপ্রিম কোর্ট জানিয়েছিল, কংগ্রেসের অনুমোদন ছাড়া, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে যে শুল্ক আরোপ করেছেন ট্রাম্প, তা বেআইনি। আদালতের ৬-৩ রায় নিয়ে ক্ষোভ উগরে দেন ট্রাম্প। জানান, আদালতের কিছু সদস্য 'দেশের লজ্জা'। আদালতের রায়ে তিনি অসন্তুষ্ট বলেও জানান। আর তার পরই নতুন হারে বৈশ্বিক শুল্কের ঘোষণা করলেন তিনি।
