Employees Provident Fund : দেশের কোটি কোটি বেতনভুক কর্মচারীদের জন্য সু-খবর। ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড (EPF) আমানতের ওপর নতুন সুদের হার ঘোষণা করেছে। তবে এবারও আগের ৮.২৫ শতাংশ হারে সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। সোমবার সংস্থার সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের (CBT) ২৩৯তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত অর্থবর্ষেও (২০২৪-২৫) সুদের হার একই ছিল। ফলে টানা দ্বিতীয় বছর সুদের হারে কোনও পরিবর্তন না করে স্থিতাবস্থা বজায় রাখল কর্তৃপক্ষ।

Continues below advertisement

বৈঠকের মূল সিদ্ধান্তসমূহ :কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারের পথে হেঁটেছে বোর্ড।

সুদ ঘোষণা: প্রস্তাবিত ৮.২৫% সুদের হার এখন অর্থ মন্ত্রকের অনুমোদনের জন্য পাঠানো হবে। সরকারি সিলমোহর পাওয়ার পরেই দেশের প্রায় ৭ কোটি গ্রাহকের অ্যাকাউন্টে এই সুদ জমা হবে।

Continues below advertisement

অ্যামনেস্টি স্কিম: আয়কর স্বীকৃত ট্রাস্টগুলির আইনি জটিলতা কাটাতে একটি ওয়ান-টাইম 'অ্যামনেস্টি স্কিম' বা সাধারণ ক্ষমা প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর ফলে বহু পুরনো মামলা মিটে যাবে এবং শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত হবে।

ডিজিটাল সংস্কার: পিএফ সংক্রান্ত নিয়মকানুন সহজ করতে একটি নতুন 'সিম্পলিফাইড এসওপি' (SOP) আনা হয়েছে। এর ফলে ট্রাস্টের অডিট প্রক্রিয়া এবং টাকা হস্তান্তরের কাজ আরও স্বচ্ছ ও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন হবে।

নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প: 'কোড অন সোশ্যাল সিকিউরিটি ২০২০'-এর সাথে সামঞ্জস্য রেখে ২০২৬ সালের নতুন পিএফ, পেনশন এবং বিমা (EDLI) স্কিম অনুমোদিত হয়েছে।

কেন এই স্থিতাবস্থা ?বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতা থাকা সত্ত্বেও ইপিএফও-র বিনিয়োগ পোর্টফোলিও (বিশেষ করে ইটিএফ বা ETF) ভালো রিটার্ন দেওয়ায় এই আকর্ষণীয় সুদের হার বজায় রাখা সম্ভব হয়েছে। কর্তৃপক্ষের দাবি, বাজারে অন্যান্য সঞ্চয় প্রকল্পের তুলনায় ইপিএফ-এর রিটার্ন এখনও অনেক বেশি প্রতিযোগিতামূলক এবং নিরাপদ।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)