কলকাতা : বিয়ের মরশুমে বাড়ল মাথাব্যথা। এমনিতেই সোনার দামে হাত পুড়ছে ক্রেতার । এরপর আবার বৃদ্ধি। বিয়ের মরসুম। দাম যতই বেশি হোক, সোনা কিনতেই হবে, এমনটা অনেকেই ভাবেন। তাই সোনার দামে নজর তো আছেই। প্রতিদিন সোনার দাম বদলায়। একেক শহরে একেক দাম। কলকাতায় প্রতিদিন সোনার দাম প্রকাশ করে স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। শনিবারও সকালে কলকাতায় সোনার বিভিন্ন ক্যাটেগরির দাম প্রকাশ করেছে তারা। সেখানেই বড় চমক। আবার বদল এসেছে সোনার দামে।
১ দিনের মধ্যেই কলকাতায় সোনার দাম বাড়ল অনেকটাই। ২২ ক্যারেট, ১৮ ক্যারেট এবং ২৪ ক্যারেটের সোনার দাম একইসঙ্গে বেড়েছে। রুপোর দামও চড়েছে । ফলে বিয়ের মরশুমে যাঁরা সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য একটু চিন্তার খবর। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির প্রকাশিত ২৮ নভেম্বরের সূচক অনুযায়ী, আগের দিনের তুলনায় প্রায় সব বিভাগেই দাম বেড়েছে।
৯৯৫ বিশুদ্ধতার ফাইন গোল্ডের দাম প্রতি গ্রাম ১২,৫৮১ টাকা। ২৭ নভেম্বর এই দাম ছিল ১২,৪৮৮ টাকা। অর্থাৎ একদিনে গ্রামপ্রতি ৯৩ টাকা বেড়েছে। তবে এই সোনা সাধারণত গয়না তৈরিতে লাগে না। এতে খাদ থাকে সবথেকে কম।
অন্যদিকে, ২২ ক্যারেট বা ৯১৬ বিশুদ্ধতার সোনার বিক্রির দামও বেড়েছে। ২৮ নভেম্বর প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার বিক্রির দর ১১,৯৫০ টাকা। আগের দিন এই দাম ছিল ১১,৮৬৫ টাকা। অর্থাৎ ২৪ ঘণ্টায় গ্রামপ্রতি ৮৫ টাকা দাম বেড়েছে। একইভাবে ২২ ক্যারেট সোনার কেনার দরও ১১,৩৬৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১১,৪৪৮ টাকা। অর্থাৎ একদিনে বৃদ্ধি ৮৪ টাকা।
১৮ ক্যারেট বা ৭৫০ বিশুদ্ধতার সোনার দামও ঊর্ধ্বমুখী। ২৭ নভেম্বর প্রতি গ্রাম এই সোনার দাম ছিল ৯,৭৪০ টাকা। ২৮ নভেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ৯,৮১৫ টাকা। অর্থাৎ গ্রামপ্রতি ৭৫ টাকা বৃদ্ধি পেয়েছে।
শুধু সোনা নয়, রুপোর দামও বেড়েছে। ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি সিলভার বারের দাম ২৭ নভেম্বর ছিল ১ লক্ষ ৫৫ হাজার ৯২২ টাকা। ২৮ নভেম্বর সেই দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ২২৯ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে কেজিপ্রতি রুপোর দাম বেড়েছে ১,৩০৭ টাকা।
তবে সোনা বা রুপো কেনার আগে একটি বিষয় মাথায় রাখা জরুরি। এই চার্টে হলমার্ক সোনার দাম দেওয়া আছে ঠিকই , তবে এই দামের সঙ্গে ৩ শতাংশ জিএসটি যুক্ত হবে। ফলে গয়না কেনার সময় জিএসটি এবং মেকিং চার্জ যোগ হলে চূড়ান্ত দাম আরও বাড়বে। তাই গয়না কেনার ক্ষেত্রে একেকটি দোকানে একেকরকম দাম পড়ে।
