পুণে: মহারাষ্ট্রে হাসপাতালের বাইরে থেকে উদ্ধার হল টাইম বম্ব। সাত ঘণ্টার হিসেবে টাইমার লাগানো ছিল। তড়িঘড়ি সেটিকে নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। হাসপাতালের বাইরে কে বোমা রেখে গেল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। এর নেপথ্যে কোনও বড় ষড়যন্ত্র রয়েছে কি না, খতিয়ে দেখছে পুলিশ। (Time Bomb in Pune)

মহারাষ্ট্রের পুণের কামধেনু এস্টেট এলাকার ঘটনা। সেখানকার ঊষাকিরণ হাসপাতালের বাইরে সক্রিয় বোমাটি পড়েছিল। স্থানীয়রাই প্রথমে খবর দেন পুলিশকে। এর পর এসে পৌঁছয় বম্ব ডিটেকশন অ্যান্ড ডিসপোজাল স্কোয়াড। এসে পৌঁছয় দমকল বাহিনী, ডগ স্কোয়াডও। সেখানে পৌঁছে প্রথমেই এলাকা খালি করে গেওয়া হয়। (Live Bomb in Pune)

আরও পড়ুন: আর জি কর কাণ্ডে ৩ জনের গ্রেফতারি চাইছেন অভয়ার মা, শপথের আগে শিয়ালদা কোর্টে, কাদের সন্দেহ করছেন রত্না দেবনাথ?

প্রথমে বোমাটিকে পর্যবেক্ষণ করে দেখেন বম্ব স্কোয়াডের লোকজন। এর পর হাসপাতাল থেকে দূরে, সেটিকে খোলা জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে দেখা হয় বোমাটিকে। দেখা যায়, সেটি একটি সক্রিয় বোমা। ভিতরে বিস্ফোরক রয়েছে। বসানো রয়েছে টাইমারও। সাত ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বেআইনিভাবে টোল আদায় নিয়ে এবার কড়া রাজ্যের নতুন সরকার, এল বড় নির্দেশ

বোমাটিকে নিষ্ক্রিয় করতে সফল হয় বম্ব স্কোয়াড। কিন্তু হাসপাতালের বাইরে বোমা রেখে গেল কে, এই প্রশ্নের উত্তর মেলেনি। এর নেপথ্যে কোনও বড় ষড়যন্ত্র রয়েছে কি না, জানার চেষ্টা করছে পুলিশ। আগে ভাগে খবর যাওয়ায় কোনও বড় বিপদ ঘটেনি। হতাহতের কোনও খবর নেই। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। কোথা থেকে বোমাটি সেখানে এল, তা জানার চেষ্টা চলছে এই মুহূর্তে।

অপরাধ দমন শাখা এবং স্থানীয় পুলিশ যৌথ তদন্তে নেমেছে। পুণের পুলিশ কমিশনার নীতেশ কুমার জানিয়েছেন, স্বল্প তীব্রতার IED উদ্ধার হয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি। খোলা মাঠে নিয়ে গিয়ে বোমাটি নিষ্ক্রিয় করা হয় বলেও জানিয়েছেন তিনি।