নয়া দিল্লি: দেশের ইতিহাসে কার্যত নজিরবিহীন ঘটনা ছিল। SIR মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এদিকে এই প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, অনুপ্রবেশকারীদের বাঁচাতেই আদালতের উপর পর্যন্ত চাপ সৃষ্টি করা হচ্ছে। আর প্রধানমন্ত্রী মোদির বক্তব্যকে সমর্থন অভিজিৎ গঙ্গোপাধ্যায়েরও। 

Continues below advertisement

তমলুক লোকসভা কেন্দ্রের দলীয় সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'একজন মুখ্যমন্ত্রীর এখানে এসে সওয়াল করার কিছু ছিল না। উনি নিজে দাঁড়িয়ে চাপ সৃষ্টি করার জন্যই এসেছিলেন। তৃণমূল অনুপ্রবেশকারীদের ব্যবহার করে ভোট পাবার চেষ্টা করে। সেই মতো ভোট পায়। এখন অবৈধ বসবাসকারীরা পালিয়ে যাচ্ছে বলে তৃণমূলের গাত্রদাহ হচ্ছে। এসব করে লাভ নেই। সুপ্রিম কোর্টের মুখ্যমন্ত্রীর সওয়াল পুরোটাই নাটক। আদালতের উপর চাপ বাড়াতে উনি ওখানে গিয়েছিলেন। এত সহজে এই পোড়খাওয়া বিচারপতিদের উপর চাপ সৃষ্টি করা যায় না। সেই কাজ করতেও পারেনি। বিচারপতিরা একাধিকবার বলেছিলেন ওঁর আইনজীবিরা যথেষ্ট পারদর্শী। পরোক্ষভাবে তো বলেই দিয়েছেন যে আপনি আর কথা বলবেন না।'                                         

SIR-এর বিরোধিতায় বুধবার নজিরবিহীনভাবে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেন মুখ্যমন্ত্রী! পশ্চিমবঙ্গকে টার্গেট করা হচ্ছে, বুলডোজ করা হচ্ছে,  বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেই দায়ের মামলায় নিজেই সওয়াল করেন তিনি। নির্বাচন কমিশনের থেকে সুবিচার পাচ্ছেন না বলেও, অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।                                                                      

Continues below advertisement

এদিকে, এই ঘটনা নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'আমরা দেখলাম কার্যত অশ্বডিম্ব যাকে বলা হয় সেটাই হল এবং তিনি একটি বড় রসগোল্লা নিয়ে ফিরলেন মাননীয় মুখ্যমন্ত্রী।' সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'উনি বোঝাবার চেষ্টা করেছিলেন, উকিলরা কিছু জানে না, উনিই সব। কিন্তু সম্ভবত কোর্টে সবাই বুঝেছেন, তারা বুঝিয়ে দিয়েছেন, কোর্টের প্রোটোকলের বাইরে মুখ্যমন্ত্রী হিসেবে খুশিমতো চলা যায় না।' 

সোমবার এই মামলার পরবর্তী শুনানি। সেদিনও সুপ্রিম কোর্টে থাকবেন মমতা বন্দোপাধ্যায়।