কলকাতা: অবশেষে রাজ্য পুলিশের গোয়েন্দা সংস্থা সিআইডি-র মুখোমুখি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগে তিন বার হাজিরা এড়ালেও, বৃহস্পতিবার ভবানীভবনে সিআইডি-র মুখোমুখি হলেন তিনি। বিধানসভায় সই জালিয়াতি মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। সন্ধে ৬টার আগেই ভবানীভবনে পৌঁছে যান অভিষেক। তার পর চার ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এখনও তাঁকে জেরা করছে সিআইডি। (Abhishek Banerjee)
দিল্লি থেকে কলকাতায় ফিরে আজ প্রথমে কালীঘাট রোডে নিজের বাড়িতে যান অভিষেক। সেখান থেকে পৌঁছন ভবানীভবনে। সন্ধে ৬টার মধ্যে হাজিরা দিতে পৌঁছতে হবে বলে জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। ১১ মিনিট আগে সেখানে পৌঁছন অভিষেক। ভিতরে ঢোকার আগে নাম নথিভুক্ত করা এবং অন্য প্রক্রিয়া সম্পন্ন করেন। তার পর জেরার মুখোমুখি হন তিনি। অভিষেককে জেরা করতে CID যে প্রশ্নমালা তৈরি করেছে, তাতে একাধিক বিষয় থাকছে বলে খবর। (TMC News)
বিশেষ সূত্রে জানা গিয়েছে, অভিষেকের জন্য সিআইডি যে প্রশ্নমালা তৈরি করেছে, তাতে যে রেজলিউশন বুক নিয়ে বিতর্ক, সেই নিয়ে প্রশ্ন রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল- সই জালিয়াতির অভিযোগ। বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন, সেই নিয়ে যে অরিজিনাল রেজলিশন বুকটি ছিল, সেটি কোথায় গেল? এই প্রশ্নের জবাব দিতে হবে অভিষেককে।
আরও পড়ুন: বিমানবন্দরে নামতেই শোরগোল, সিআইডি-র কাছে হাজিরা দেবেন অভিষেক? ভবানীভবনে পুলিশ-কেন্দ্রীয়বাহিনী
এর আগে, ওই অরিজিনাল রেজলিউশন বুকের খোঁজে তৃণমূলের দলীয় কার্যালয় থেকে অভিষেকের বাড়িতেও গিয়েছে সিআইডি। তার পরও অরিজিনাল রেজলিউশন বুকটি মেলেনি। ওই রেজলিউশন বুক তদন্তের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হাতে পেলে স্পষ্ট হয়ে যাবে যে, আসলে কতজন বিধায়কের সই ছিল, কতজনের সই জালিয়াতি হয়েছে।
আরও পড়ুন: ফলতার এক সময়ের ‘পুষ্পা’, জাহাঙ্গির খানকে হাফ প্যান্ট পরিয়ে ঘোরাল পুলিশ
তৃণমূলের তিন বিধায়ক জানিয়েছেন, বিধানসভার বিরোধী দলনেতা, মুখ্যসচেতক কে হবেন, সেই নিয়ে ৬ মে যে বৈঠক হয়, তাতে তাঁরা উপস্থিত ছিলেন না। তার পরও ৭০ জন বিধায়কের সই সম্বলিত যে রেজলিউশনের কপি স্পিকারের কাছে পাঠানো হয়, তাতে তাঁদের সই ছিল। বৈঠকে না থাকা সত্ত্বেও ওই সই কোথা থেকে এল, প্রশ্ন উঠছে। ওই বিধায়করা কি পরে গিয়ে সই করেন, না কি তাঁদের সই জাল করা হয়েছে, জানতে চান রাজ্যের গোয়েন্দারা।
আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজছে সিবিআই। ৭০ জনের সই সম্বলিত রেজলিউশনের যে প্রতিলিপি জমা দেওয়া হয়স্পিকারের কাছে, তাতে অনেকের নাম লেখা রয়েছে বড়হাতের অক্ষরে, অর্থাৎ ইংরেজির ক্যাপিটাল লেটারে। ক্যাপিটাল লেটারে কী করে সই থাকতে পারে? জানতে চান রাজ্যের গোয়েন্দারা। রেজলিউশনের প্রতিলিপির নীচে অভিষেকের সই ছিল। তিনি বাকি ৭০ জনের সম্মতি নিয়েছিলেন কি না, তাও জানতে চান সিআইডি-র গোয়েন্দারা। ওই দিন অভিষেক ছাড়া আর কে কে উপস্থিত ছিলেন বৈঠকে, তাও জানতে চান।
