কলকাতা: ফের সিআইডি দফতরে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক। আজ নিয়ে টানা ৮ দিন অভিষেকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ডেকে পাঠাল সিআইডি। ডেবরায় চাকরি দুর্নীতি মামলায় তাঁকে আগেই ডেকে পাঠিয়েছিল সিআইডি। গতকাল সেই মামলাতেই সুজয় হাজরার মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সুমিত রায়কে। তারপর আজ সেই একই মামলাতেই ডেকে পাঠানো হল তাঁকে।

Continues below advertisement

আরও পড়ুন: হাওড়ার ব্যবসায়ীর থেকে ১ কোটি ২৫ লক্ষ টাকা তোলা চেয়েছিলেন অভিষেক ঘনিষ্ঠ দেবরাজ, এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট

গত সপ্তাহের শনিবার থেকেই সিআইডি দফতর ভবানী ভবনে আসা যাওয়া লেগে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়ের। আজও সকল সাড়ে ১১ টার দিকে ডেকে পাঠানো হয় তাঁকে। যদিও সময়ের কিছুক্ষণ আগেই ১১ টা বেজে ২০ মিনিটের দিকে ভবানী ভবনে হাজিরা দেন সুমিত রায়।             

Continues below advertisement

জানা গিয়েছে, ডেবরায় চাকরি দুর্নীতি নিয়ে যে মামলা দায়ের হয়েছে, সেই মামলার পরিপ্রেক্ষিতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। গতকালও এই একই মামলায় সুমিত রায়কে প্রায় ৮ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। যেখানে বেশ কয়েক ঘণ্টা ধরে সুমিত রায়ের মুখোমুখি বসানো হয় এই মামলায় গ্রেফতার হওয়া মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে।               

সিআইডি সূত্রে খবর, অভিযোগ করা হয়েছিল, সরকারি চাকরি দেওয়ার নামে ১২ জনের থেকে ২ দফায় মোট ২৪ লক্ষ টাকা নেওয়া হয়। পরবর্তীতে বলা হয়, সেই টাকার একটা অংশ দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে। আর সেই সূত্র ধরেই এই তদন্তে এগিয়েছে সিআইডি। জন গিয়েছে, সুমিত রায়ের বক্তব্য আর সুজয় হাজরার বক্তব্যে একাধিক ফাঁকফোকর ছিল। সেই কারণেই তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি।               

জানা গিয়েছে, সিআইডি যে তথ্য প্রমাণ পেয়েছে বা এর আগে তদন্তে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ যে তথ্য প্রমাণগুলো পেয়েছে, সেগুলো একেবারে জিজ্ঞাসাবাদের টেবিলে রেখে প্রশ্ন করছে সিআইডি। এখানে সুমিত রায়ের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই বিষয়ে ও সুজয় হাজরার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই বিষয়ে, একেবারে মুখোমুখি বসিয়ে তাঁদের থেকে জানতে চাওয়া হয়।