Continues below advertisement

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া :  বহুদিন ধরেই স্কুলের জমি ছিল অন্যের দখলে। স্কুলের বরাদ্দের জমি দখল করে উঠে যাচ্ছিল আবাসন। প্রোমোটার রাজের সামনে মুখ খুলতে পারেনি স্কুল কর্তৃপক্ষ। ক্রমেই ছোট হচ্ছিল স্কুলের এলাকা। অবশেষে বেদখল হয়ে যাওয়া জমি দখল মুক্ত হল বিজেপি বিধায়কের উদ্যোগে। বহুদিনের জবরদখল মুক্ত করতে অবশেষে স্কুলের জমিতে চলল বুলডোজার। বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুলের ক্যাম্পাসের একাংশ দখলমুক্ত করতে সোমবার উদ্যোগী হল স্কুল কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা।

অভিযোগ, স্কুলের বেশ কিছু জমি দীর্ঘদিন ধরে একটি প্রোমোটার চক্র বেআইনিভাবে দখল করে রেখেছিল। শুধু তাই নয়, ওই জমিতে ফ্ল্যাট নির্মাণের উদ্দেশ্যে বেড়া দিয়ে ঘিরে অবৈধ নির্মাণকাজও শুরু হয়ে গিয়েছিল বলে দাবি। স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগ, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিষয়টি একাধিকবার প্রশাসনের নজরে আনা হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে প্রশাসনের একাংশের তরফে চাপ ও শাসানির মুখে পড়তে হয়েছিল বলেও অভিযোগ স্কুল কর্তৃপক্ষের। 

Continues below advertisement

সম্প্রতি স্কুলের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বিষয়টি স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার নজরে আসে। এরপর স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জমি পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হয়। সোমবার সকালে বিধায়কের উপস্থিতিতে বুলডোজার চালিয়ে অবৈধভাবে তৈরি করা বেড়া ভেঙে ফেলা হয়। এর ফলে দীর্ঘদিন পর স্কুলের দখলে ফিরে আসে বিতর্কিত জমিটি। স্কুলের জমি পুনরুদ্ধার হওয়ায় শিক্ষক, পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে একাংশের মধ্যে খুশির আবহ তৈরি হয়েছে। তাঁদের আশা, ভবিষ্যতে এই জমি শিক্ষামূলক ও ছাত্রছাত্রীদের স্বার্থে ব্যবহার করা হবে।  

সাম্প্রতিক কালে জেলায় জেলায় অবৈধ নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দিতে চলেছে বুলডোজার। নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে একাধিক অবৈধ নির্মাণ ভেঙে দেয় প্রশাসন। হলদিয়াতেও বেআইনি উচ্ছেদ অভিযানে নামানো হয় বুলডোজার। দুর্গাপুর স্টিল প্লান্টের জমিতে অবৈধভাবে তৈরি তৃণমূলের পার্টি অফিস ভেঙে দেওয়া হয়। বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে অ্যাকশন মোডে রয়েছে প্রশাসন। শহর থেকে জেলায়- বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক বেআইনি নির্মাণ। 

আরও পড়ুন : হাতানিয়া-দোয়ানিয়া নদীতে ট্রলারের ধাক্কায় ডুবল লঞ্চ