কোচবিহার: শীতলকুচিতে সেতু ভেঙে বিপত্তি! শীতলকুচির দেবনাথ পাড়ায় ভেঙে পড়ল সেতু। সেতুর উপর দিয়ে পাথর বোঝাই ডাম্পার পার হতে গেলে সেতুটি ভেঙে পড়ে। ওই এলাকার সঙ্গে সিতাইয়ের যোগাযোগ বিচ্ছিন্ন। সমস্যায় কয়েক হাজার মানুষ।
আরও পড়ুন, "উঠতে পারছেন, চোখ খুলতে পারছেন না" নিপা-আক্রান্ত নার্স ! যারা সংস্পর্শে এসেছিলেন, কী খবর তাঁদের ?
কোচবিহারের শীতলকুচিতে ব্রিজ ভেঙে পড়ে বিপত্তি ঘটল। আজ সকালে পাথর বোঝাই ডাম্পার যাওয়ার সময়ে লালবাজার এলাকায় গিরিধারী নদীর উপর ব্রিজটি ভেঙে পড়ে। এরফলে লালবাজারের বিস্তীর্ণ এলাকার সঙ্গে সিতাইয়ের যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। অনেক ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে কয়েক হাজার মানুষকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ২৫ বছর আগে তৈরি হয়েছিল ব্রিজটি, গত কয়েক বছর ধরে দুর্বল অবস্থায় ছিল সেটি। দুর্বল ব্রিজের উপর দিয়ে ভারী গাড়ি যাতায়াতের ফলে ব্রিজটি ভেঙে পড়ল বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
সেতু বিপর্যয় দেশ তথা রাজ্যের মাটিতে এই নতুন নয়। আগেও একাধিক বার সেতু ভেঙে পড়ে বিপদের সম্মুখীন হয়েছে সাধারণ মানুষ। শুধু যোগাযোগ নয়, অনেক ক্ষেত্রে ব্রিজ ভেঙে একাধিক মৃত্যুর ঘটনাও ঘটেছে। কখনও আবার অবহেলার অভিযোগও সামনে এসেছে। চিড় চোখে পড়ে মেরামত করা হয়নি বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রাই। তবে কোচবিহারের শীতলকুচিতে ঠিক কী কারণে এই বড় ব্রিজ বিপর্যয় ঘটল, কোনও নজর রাখা হয়েছিল কিনা, পরীক্ষা করা হয়েছিল কিনা, তা প্রকাশ্যে আসেনি।
গতবছর উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছিল গেরগেন্ডা নদীর সেতু। ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে বীরপাড়ার কাছে নেমেছিল ধস। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল সেতুর অ্যাপ্রোচ রোড। যার জেরে বন্ধ হয়ে গিয়েছিল যান চলাচল,এমনটাই আশঙ্কা প্রশাসনের। বালাসন নদীতেও জলস্তর বৃদ্ধি, দুধিয়া ব্রিজেও আতঙ্ক ছড়িয়েছিল সেবার। মূলত গত ৪ অক্টোবরও হড়পা বানে ভেঙে পড়েছিল দুধিয়া সেতু। এরপরেই তৈরি হয়েছিল অস্থায়ী ব্রিজ, তারপরেই ফের নতুন করে দুর্যোগে সেই ব্রিজেও বেড়েছিল আতঙ্ক !