কলকাতা: অমৃতসর এক্সপ্রেসে বোমাতঙ্ক! আপাতত বোমাতঙ্কে হাওড়া বর্ধমান কর্ড শাখার চন্দনপুর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ট্রেনটি। আপাতত, 13005 আপ পাঞ্জাব মেল চন্দনপুর স্টেশনে দাঁড়িয়ে। সেখানে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে রেল পুলিশ জিআরপি। স্নিফার ডগ নিয়ে ট্রেনে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। পূর্ব রেল সূত্রে খবর, এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি ফোন করে খবর দেন যে, ওই ট্রেনটিতে বোমা রয়েছে। খবর পেয়েই সঙ্গে সঙ্গে সতর্ক হয় রেলমন্ত্রক। ট্রেনটি সেই সময়ে চন্দনপুর স্টেশনে ঢুকছিল। তখনই ট্রেনটিকে চন্দনপুর স্টেশনে দাঁড় করিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানানো হচ্ছে, তল্লাশি চালানোর পরে, পুলিশ নিশ্চিত হলে, তবেই ট্রেনটি ফের ছাড়া হবে।

Continues below advertisement

অজ্ঞাত-পরিচয়ের ফোন, ট্রেনে বোমাতঙ্ক

হুগলি জেলা গ্রামীন পুলিশ সুপার কুমার সানি রাজ বলছেন, 'রেলের তরফে আমাদের গোটা বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গেই আমরা তাঁদের সহযোগিতা করছি।' পূর্ব রেল এর মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বলেন,  'রেল মদত' নামে একটি অ্যাপ রয়েছে। সেই অ্যাপে কোনও এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি অভিযোগ জানান যে, ট্রেনে বোম রাখা আছে বলে। পাশাপাশি ওই ব্যক্তি এ ও জানান যে, তাঁর বোন ওই ট্রেনে রয়েছে।সঙ্গে সঙ্গে আমরা তৎপর হই, এবং গোটা ট্রেনটা তল্লাশি করা হয়। সবুজ সংকেত পেলেই ট্রেন ছাড়া হবে।  ডগ ও বোম স্কোয়াড দিয়ে দিয়ে ট্রেন তল্লাশি করা হচ্ছে। এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি।' শেষ পাওয়া খবর অনুযায়ী, চিরুনি তল্লাশী করেও ট্রেনে সন্দেহজনক কিছু মেলেনি। ১২.১০ নাগাদ ট্রেনটি চন্দনপুর স্টেশন ছেড়ে গন্তব্যের দিকে রওনা দেয়।

Continues below advertisement

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ট্রেনে বোমা রয়েছে, অজ্ঞাত পরিচয়ের ফোনে এই খবর শুনেই তাড়াতাড়ি যোগাযোগ করা হয় ট্রেনের চালকের সঙ্গে। যেখানে ট্রেন রয়েছে, সেই জায়গাতেই ট্রেনটি থামিয়ে দিতে বলা হয়। সেই সময়ে ট্রেনটি চন্দনপুর স্টেশনের কাছে ছিল। চালক ট্রেনটিকে চন্দনপুর স্টেশনে থামিয়ে দেন। যাবতীয় নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখেই ট্রেনে তল্লাশি শুরু করে পুলিশ। তবে গোটা ট্রেনে তল্লাশি চালিয়েও সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। ট্রেন সম্পূর্ণ নিরাপদ এবং যাত্রীদের ও কোনও বিপদ নেই, এই বিষয়ে নিশ্চিত হওয়ার পরেই ফের ট্রেন ছাড়া হয়। যাত্রীদের আশ্বস্ত করা হয়। রাতেই ট্রেনটি নির্দিষ্ট গন্তব্যে রওনা দিয়েছে।