কলকাতা: দুধের পর এবার বাড়ল পাউরুটির দাম। মুম্বইয়ে এক লাফে প্রতি প্যাকেট ব্রেডে ৫ টাকা পর্যন্ত দাম বাড়িয়েছে বেশ কয়েকটি সংস্থা। এর জেরে সাধারণ মানুষের সকালের খাবারের বাজেটে আরও চাপ বাড়ল বলে মনে করা হচ্ছে।

Continues below advertisement

সংস্থাগুলির দাবি, প্লাস্টিক প্যাকেজিং, পরিবহণ খরচ এবং আমদানিনির্ভর কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পাশাপাশি টাকার দামের পতনের জেরেও আমদানি খরচ বেড়েছে। ফলে উৎপাদন ব্যয় সামলাতে দাম বাড়ানো ছাড়া উপায় নেই বলেই জানাচ্ছে নির্মাতারা।

এর আগে গত ১৪ মে দেশজুড়ে দুধের দাম লিটার প্রতি ২ টাকা বাড়িয়েছে একাধিক সংস্থা। জ্বালানির মূল্যবৃদ্ধি, পশুখাদ্য, প্যাকেজিং ও পরিবহণ খরচ বৃদ্ধির প্রভাব পড়ছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের উপর।

Continues below advertisement
রুটির প্রকারভেদপুরানো দামনতুন দাম
৪০০ গ্রাম স্যান্ডউইচ পাউরুটি৪০ টাকা৪৫ টাকা
আস্ত গমের রুটি৫৫ টাকা৬০ টাকা
মাল্টিগ্রেইন রুটি৬০ টাকা৬৫ টাকা
ছোট বাদামী রুটি২৮ টাকা৩০ টাকা
সাদা রুটি২০ টাকা২২ টাকা
বাদামী রুটি৪৫ টাকা৫০ টাকা

বিশেষজ্ঞদের মতে, জ্বালানির দাম বাড়লে তার প্রভাব সরাসরি পড়ে বাজারে। কারণ ভারতে অধিকাংশ পণ্যই সড়কপথে পরিবহণ করা হয়। ফলে সবজি, দুধ, পাউরুটি থেকে শুরু করে প্যাকেটজাত খাবারের দামও ধীরে ধীরে বাড়তে পারে।

মুম্বইতে মডার্ন ব্রেড তাদের পাউরুটির দাম ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে। সংস্থাটি তাদের বেসিক ভ্যারিয়েন্টগুলোর দাম বাড়িয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুসারে, মডার্ন ব্রেড তাদের বেসিক ভ্যারিয়েন্টগুলোতে এই মূল্যবৃদ্ধি ১৬  মে থেকে কার্যকর করেছে এবং আশঙ্কা করা হচ্ছে যে ব্রিটানিয়া ও Wibs একই ধরনের পদক্ষেপ নিতে পারে। উল্লেখ্য, রুটির মোড়কের জন্য ব্যবহৃত প্লাস্টিকের কাঁচামালের একটি বড় অংশ ভারত আমদানি করে। ইরান যুদ্ধের কারণে টাকার ওপর চাপ পড়ায় মোড়কের খরচ বেড়েছে অনেকটাই। এর সঙ্গে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় লাভের পরিমাণ সংকুচিত হয়ে আসে। ফলে পাউরুটির দাম বৃদ্ধির দিকেই হেঁটেছে। 

পশ্চিম এশিয়ায় অস্থিরতার আবহে, ফের দেশজুড়ে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম।  কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৬ পয়সা বেড়ে হয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা। কলকাতায় ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে লিটারপ্রতি ৯৬ টাকা ৭ পয়সা হয়েছে। আজ থেকেই কার্যকর হয়েছে নতুন দাম। ৪ দিনের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম। ১৫ মে কলকাতায় লিটারপ্রতি পেট্রলের দাম ৩ টাকা ২৯ পয়সা বেড়ে হয়েছিল ১০৮ টাকা ৭৪ পয়সা। ওই দিনই কলকাতায় ডিজেলের দাম ৩ টাকা ১১ পয়সা বেড়ে হয়েছিল লিটারপ্রতি ৯৫ টাকা ১৩ পয়সা। দ্বিতীয়বার দাম বাড়ার পর, কলকাতায় লিটারপ্রতি পেট্রোলের দাম ৯৬ পয়সা বেড়ে হয়েছে ১০৯ টাকা ৭০ পয়সা। আর ডিজেলের দাম ৯৪ পয়সা বেড়ে হল লিটারপ্রতি ৯৬ টাকা ৭ পয়সা। পশ্চিম এশিয়ায় যুদ্ধের কারণে দেশে জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দিচ্ছে। বিশ্ব বাজারে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। এই আবহে, পেট্রোল-ডিজেলের দাম যে বাড়তে পারে, ৫ রাজ্যে বিধানসভা ভোট শেষ হওয়ার পর থেকেই তার ইঙ্গিত মিলছিল। সম্প্রতি একাধিক সভা থেকে জ্বালানি সাশ্রয়ের বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবার তেলের দাম বাড়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির আশঙ্কা আরও তীব্র হল। এর ফলে বোঝা আরও বাড়বে সাধারণ মানুষের ঘাড়ে।