জয়ন্ত পাল, কলকাতা : নিউটাউনে ফের দুর্ঘটনা। ইকোপার্কের কাছে গাড়ির ধাক্কা। শনিবার ভোরে দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাসস্ট্যান্ডে ধাক্কা মারে। তারপরও গতি সামলাতে না পেরে ধাক্কা মারে সোজা ডিভাইডারে । তারপর যাত্রীদের নিয়েও উল্টে যায় গাড়িটি। 

Continues below advertisement

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, চার চাকার গাড়িটিতে তখন ৩ জন যাত্রী ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।  চিকিৎসা চলছে চালক সহ গাড়িতে থাকা ৩ জন সওয়ারিরই । তাদের মধ্যে দুজন মহিলা ও একজন পুরুষ। পুলিশ সূত্রে দাবি, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন ওই চালক। 

শনিবার ভোরে প্রথমে ইকোপার্কের ২ নম্বর গেটের সামনে থাকা বাসস্ট্যান্ডে ধাক্কা মারে গাড়িটি। এরপর ১ নম্বর গেট থেকে এগিয়ে গিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনাস্থলে পৌঁছে, গাড়িতে থাকা ৩ জনকে উদ্ধার করে ইকোপার্ক থানার পুলিশ। 

Continues below advertisement

মেদিনীপুরে দুর্ঘটনা  অন্যদিকে রাতের অন্ধকারে পূর্ব মেদিনীপুরে ঘটে গেল আরেকটি পথ দুর্ঘটনা। কাঁথির রসলপুরের রাস্তায়, পরপর ৪টি দোকান ভেঙে সোজা লাইট পোস্টে ধাক্কা মারে ১২ চাকার বালি বোঝাই ডাম্পার। পলাতক ডাম্পারের চালক। 

শুক্রবার রাত সাড়ে ৩টে নাগাদ ঘটে এই ঘটনা। রাতেই ঘটনাস্থলে আসে পেটুয়াঘাট কোস্টাল থানার পুলিশ। রাতে দোকান বন্ধ থাকায় হতাহতের কোনও খবর নেই। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক। পুলিশের দাবি, রাতের অন্ধকারে কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনা ঘটেছে। 

ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু                    

 নদিয়ার ধুবুলিয়ায় বাহাদুরপুরে, ডাম্পারের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল পিকআপ ভ্যানের চালকের। রাস্তায় দাঁড়িয়ে চলছিল পিকআপ ভ্যানের মেরামতির কাজ। সেইসময়ই পিছন থেকে ডাম্পারের ধাক্কা।

মৃতের নাম রতন মণ্ডল(৪৫)। বাড়ি পলাশিপা়ড়া থানার ঈশ্বরপুরে। এই ঘটনায় আহতের সংখ্যা আরও ৩. স্থানীয় সূত্রে খবর, আজ ভোরে, পলাশিপাড়া থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল ওই পিকআপ ভ্যানটি। ১২ নম্বর জাতীয় সড়কের ওপর বাহাদুরপুরের কাছে, গাড়িতে কিছু সমস্যা দেখা দেওয়ায়, দাঁড় করিয়ে তা সারাচ্ছিলেন গাড়ির চালক ও অন্যান্যরা। সেই সময়, নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা মারে একটি ডাম্পার। স্থানীয়রা তাদের উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করা হয়।