নয়া দিল্লি: কেউ যাচ্ছিলেন প্রিয়জনের কাছে। কেউ ফিরছিলেন দেশে। কেউ ছিলেন প্রবাসে ঘর বসানোর স্বপ্নে বুঁদ। মুহূর্তে সব শেষ! গত বছর দুঃস্বপ্নের থেকেও ভয়ঙ্কর ছিল আহমেদাবাদে বিমান দুর্ঘটনা। রানওয়ে থেকে স্বাভাবিক টেক অফ। কয়েক সেকেন্ডের মাথায় সব শেষ। আমদাবাদে বিমান দুর্ঘটনার পর, পদে পদে প্রশ্ন উঠতে শুরু করে এয়ার ইন্ডিয়ার পরিষেবা নিয়ে। অবশেষে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে বড় ব্যবস্থা নিল ডিজিসিএ। তবে এয়ার ইন্ডিয়ার দাবি , ২০২৫ সালে স্বেচ্ছায় রিপোর্ট করা একটি ঘটনার ভিত্তিতে এই আদেশ। সূত্রের খবর, valid airworthiness certificate ছাড়াই বিমান চালানোর জন্য ডিজিসিএ এয়ার ইন্ডিয়াকে ১ কোটি টাকা জরিমানা করেছে। সূত্রের দাবি, এই গুরুতর ত্রুটির জন্য নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকেও কয়েকজন পদধারীকে অপসারণের নির্দেশ দিয়েছে।
সূত্রের খবর, ডিজিসিএ জানিয়েছে, যাত্রীদের আস্থা ক্ষুণ্ণ করেছে এয়ার ইন্ডিয়া। এর দরুণ এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষকে প্রায় ১ কোটি টাকা জরিমানা করল ডিজিসিএ। প্রয়োজনীয় সার্টিফিকেশন ছাড়াই বিমান চালানোর অভিযোগ উঠেছে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। তদন্তে অনুমতি ছাড়া মোট ৮ বার এয়ারবাস ওড়ানোয় দোষী সাব্যস্ত হয়েছে এয়ার ইন্ডিয়া । এদিকে এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানিয়েছে , ২০২৫ সালে স্বেচ্ছায় রিপোর্ট করা একটি ঘটনার বিষয়ে ডিজিসিএ এই আদেশ দিয়েছে। বিষয়টি এয়ার ইন্ডিয়া স্বীকার করছে। এই ঘটনার থেকে চিহ্নিত সমস্ত ত্রুটি সন্তোষজনকভাবে সমাধান করা হয়েছে এবং কর্তৃপক্ষকে তা জানানোও হয়েছে।
গত বছর আমদাবাদা কার দোষে এত বড় বিপর্যয় ঘটল? এতগুলো মৃত্য়ুর জন্য় কে দায়ী? এইসব প্রশ্নের উত্তর এখনও অজানা। সেই আবহেই এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে সামনে এসেছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ। তিক্ত অভিজ্ঞতার ঝুলি উপুড় করেছেন এয়ার ইন্ডিয়ার যাত্রীরা। আহমেদাবাদ দুর্ঘটনার পরও একাধিক এয়ার ইন্ডিয়া বিমানে সমস্যা , যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। আর এখানেই প্রশ্ন উঠছে, যেখানে শয়ে শয়ে মানুষের জীবন জড়িয়ে রয়েছে, সেখানে রক্ষণাবেক্ষণে এরকম খামতির অভিযোগ বারবার কেন উঠবে? মানুষ তো চড়া দামে টিকিট কেটে বিমানে ওঠে। কিন্তু, উড়ান সংস্থার কাছে কি তাঁদের জীবনের কোনও মূল্য নেই? এই সব অভিযোগের মাঝেই এবার এই কড়া পদক্ষেপ করল ডিজিসিএ। বৈধ সার্টিফিকেট ছাড়াই একটি বিমান ওড়ানোর জন্য ১ কোটি টাকা জরিমানা করা হল।
